কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে মিলন মেলা

‘কী রে, তুই বেশ মোটা হয়ে গেছিস,’ ‘তোর মাথা তো পুরাই ফাঁকা হয়ে গেছে, দেখ, কত দিন পর তোকে দেখলাম,’ ‘তুই একটা ফোনও দিস না, আমার নম্বরটাই তো নেই’—এমন নানা কথার ফুলঝুরি আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে। বহুদিন না দেখা কৈশোরের বন্ধুকে পেয়ে এসব কথা।
‘আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়’। এই ছিল খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) ও পুনর্মিলনী অনুষ্ঠানের স্লোগান। যাঁদের দেখা হলো, বয়স-শ্রেণির সীমারেখা পেরিয়ে তাঁরা মুখর করে তুললেন বিদ্যাপীঠ প্রাঙ্গণ। মাতলেন প্রাণের উচ্ছলতায়।
শীতের মিষ্টি সোনালি রোদ ছড়িয়ে পড়ার আগেই অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। শুধু এ দিনটি উপলক্ষেই দেশের বিভিন্ন এলাকায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে আসেন বিদ্যালয়ে।
মিলন মেলার এই প্রাঙ্গণ ঘুরে আরও দেখা গেল, পুরোনো বন্ধুকে কাছে পেয়ে প্রাক্তন শিক্ষার্থীরা সবাই মেতেছেন হাসি-ঠাট্টা, স্মৃতিচারণা আর আড্ডায়। গল্পগুজবের সঙ্গে সেলফি-ছবি তুলে মুহূর্তটা স্মরণীয় করে রাখছেন। কাছাকাছি হতেই একে অন্যকে জড়িয়ে ভুলে যেতে চাইছেন প্রিয় বন্ধুর দীর্ঘদিনের না পাওয়া আলিঙ্গন সুখ। দীর্ঘদিনের অসাক্ষাতের পর দেখা হওয়ায় কেউ কেউ নিজের ছেলেমেয়েদের সাফল্যের বর্ণনা দিচ্ছেন বন্ধুকে।
১৯৮২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন পলাশ কুমার মজুমদার। বর্তমানে রাজশাহী বিটিসিএলে প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘অনেক বছর হলো স্কুল ছেড়ে গিয়েছি। এই এলাকায় আসলেও স্কুলে আর আসা হয় না। তবে সুবর্ণজয়ন্তী উপলক্ষে এসে খুব ভালো লাগছে। অনেক বন্ধুবান্ধবকে একসঙ্গে পেয়েছি। আরও একবার জমিয়ে আড্ডা দেওয়া হলো।’
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তুহিন রায় বলেন, ‘স্কুল ছেড়ে গিয়েছি ১১ বছর আগে। তবে এটি আমার প্রাণের স্কুল, আমার ভালোবাসার ও আবেগের স্কুল। আজ এই প্রাঙ্গণে তারার মেলা বসেছে। খুবই ভালো লাগছে।’
সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী মোল্লা মিজানুর রহমান বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের এ স্কুলটি বহু ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে আজ ৫০ বছরে পা রেখেছে। এ স্কুল আমাদের বিরাট স্মৃতি। কত দুরন্তপনা যে করেছি, আজও চোখের সামনে ভাসে। এই স্মৃতিগুলো আজীবনের জমানো সুখ। এই আয়োজনটাও স্মৃতিতে অমলিন থাকবে।’
এই মিলন মেলা নিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীরাও ছিল বেশ উচ্ছ্বসিত। ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী টগরী রায় তার অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘এই স্কুল থেকে অনেক বড় বড় মানুষ তৈরি হয়েছে। অনেকের নাম শুনেছি, কিন্তু দেখা হয়নি। আজ অনেকের দেখা পেয়েছি। তাদের কথা শুনে অনুপ্রাণিত হয়েছি। ভালো কিছু করতে হবে এ রকম একটা তাগিদ আরও বেশি অনুভূত হচ্ছে।’
দিনটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে প্রথম পর্বে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রীতিভোজ আর দ্বিতীয় পর্বে ছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘প্রজ্ঞায় প্রোজ্জ্বল অর্ধশতক’ নামের একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুল আলম প্রমুখ।
বিদ্যালয় প্রাঙ্গণে বেলা দুইটায় আলোচনা সভা ও স্মৃতিচারণা পর্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। প্রধান অতিথি সুবর্ণজয়ন্তী স্মৃতিস্মারক উন্মোচন করেন। এই পর্বে আরও বক্তব্য দেন বিনিয়োগ বোর্ডের যুগ্ম সচিব নিরঞ্জন কুমার মণ্ডল, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ রায়, সাবেক শিক্ষক সুবোধেন্দু কুমার মিস্ত্রী, সাধুচরণ মণ্ডল, পতিরাম রায় প্রমুখ।
সন্ধ্যায় স্থানীয় ও কুষ্টিয়ার বাউলশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।