কৈলাসটিলা-আশুগঞ্জ উত্তর-দক্ষিণ গ্রিড লাইনের তেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৈলাসটিলা-আশুগঞ্জ উত্তর-দক্ষিণ গ্যাস ও অপরিশোধিত তেল জাতীয় গ্রিড লাইন থেকে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সদর ইউনিয়নের (রাজনগর ইউনিয়ন) বালিগাঁও এলাকায় এই চুরির ঘটনাটি ধরা পড়ে। ঘটনাস্থল থেকে তেল পরিবহনের ড্রামসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। জিটিসিএল (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড) ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কৈলাসটিলা-আশুগঞ্জ উত্তর-দক্ষিণ গ্যাস ও অপরিশোধিত তেল (কনডেনসেট অয়েল) জাতীয় গ্রিড লাইনের রাজনগর উপজেলার বালিগাঁও এলাকায় গত বুধবার রাতে চুরির ঘটনাটি ঘটে। রাত আড়াইটার দিকে গ্রিড লাইনের পাহারাদার অচিন্ত মালাকার (২০) ঘটনাস্থলে মানুষের নড়াচড়া ও আলো দেখে এগিয়ে গেলে তেলচোর চক্রটি জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে চার-পাঁচজনের একটি দল ছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটি নালার পানিতে তেল ভাসতে দেখে চুরির জন্য করা ছিদ্রটি চিহ্নিত করা সম্ভব হয়েছে। গ্রিড লাইনের মুন্সীবাজার থেকে সাগরদীঘি পর্যন্ত চারজনের একটি দল রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পাহারা দিয়ে থাকেন। অন্য তিনজন হচ্ছেন করুণা চন্দ, শিবলু বিশ্বাস ও পরান মল্লিক। পাহারাদারেরা চুরির ঘটনাটি তত্ত্বাবধায়ককে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আমার পেট্রলম্যান তেল নেওয়ার সময় ধরে ফেলে। তবে চোর পালিয়ে যায়। আমাকে বিষয়টি জানানোর ১৫-২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসি। পরে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ ঘটনাস্থল থেকে ৫০ লিটারের ছয়টি ড্রাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটিতে তেল ভরা, একটিতে অর্ধেক এবং একটি খালি ছিল। এ ছাড়া একটি বালতি, দুই জোড়া জুতা, একটি ভাতের প্লেট, একটি রড, জিআই পাইপের টুকরো, কোদাল ও একটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধার করা জিনিস জব্দ করেছে। জিটিসিএল শ্রীমঙ্গল কার্যালয়ের ব্যবস্থাপক শামসুর রহমান গতকাল তেল চুরির ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘এরা ক্যানেলের (খাল) মধ্যে ছিদ্র করে পরিকল্পিতভাবে অনেক দিন ধরে তেল চুরি করছে। ছিদ্রটি মনে হয়েছে পুরোনো। ছিদ্রের মুখে ঢালাই দিয়ে বাক্স তৈরি করা হয়েছে। গাড়ি করে তেল না নেওয়ায় বিষয়টি কারও চোখে পড়েনি। ঘটনার সঙ্গে স্থানীয় লোকজনই জড়িত মনে হচ্ছে।’ রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘পাহারাদার চোর ধরতে পারেনি। চোর ড্রাম ফেলে গেছে। এগুলো উদ্ধার করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।’