সিলেট গ্যাসফিল্ড কোম্পানির আওতাধীন কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স কূপটি সংস্কার (ওয়ার্কওভার) করার পর গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সেখানে উত্তোলন শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, কূপটি থেকে এখন দিনে এক কোটি ঘনফুট করে গ্যাস পাওয়া যাবে।পেট্রোবাংলা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ নিয়ে গত এক বছরে জাতীয় গ্রিডে ১০ কোটি ঘনফুটেরও বেশি (১০৩ মিলিয়ন ঘনফুট) নতুন গ্যাস যুক্ত হয়েছে। এর মধ্যে সিলেট গ্যাসক্ষেত্রের ১ ও ৮ নম্বর কূপ থেকে এক কোটি ১০ লাখ ঘনফুট, তিতাস গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে তিন কোটি ঘনফুট, হবিগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে তিন কোটি ২০ লাখ ঘনফুট ও মেঘনা গ্যাসক্ষেত্র থেকে দুই কোটি ঘনফুট গ্যাস উঠছে। এর সঙ্গে গতকাল থেকে যুক্ত হয়েছে কৈলাসটিলা ৫ নম্বর কূপ।সূত্র জানায়, গ্যাসের উত্তোলন বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে। মাসের মধ্যে তিতাস গ্যাসক্ষেত্রের ১২ নম্বর কূপ থেকে দিনে অন্তত দুই কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এই কূপের সংস্কার করা হয়েছে। তার পরও গ্যাসের সঙ্গে পানি ও বালু ওঠা বন্ধ হয়নি। তাই কূপটিতে আরও কিছু কাজ করতে হবে। এই কাজ শেষ করে সংশ্লিষ্ট রিগটি চলে যাবে সালদা নদী গ্যাসক্ষেত্র সংস্কারের কাজে।মেঘনা গ্যাসক্ষেত্র সংস্কারে কাজ করা রিগটি এখন চলে গেছে সেমুতাং গ্যাসক্ষেত্রে। হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের রিগটি গেছে সুন্দলপুর গ্যাসক্ষেত্রে। সুন্দলপুরে অবশ্য কূপ সংস্কার নয়, গ্যাস অনুসন্ধানের কাজ চলবে। এ ছাড়া গত জুলাইয়ে কেনা নতুন রিগটি দিয়ে ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রে একটি নতুন কূপ (ফেঞ্চুগঞ্জ-৪) খননের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রিগটি ফেঞ্চুগঞ্জে স্থাপনের (কমিশনিং) কাজ চলছে। সব ক্ষেত্র থেকেই চলতি বছরের মধ্যে নতুন গ্যাস উত্তোলন শুরু হবে।পেট্রোবাংলা সূত্র জানায়, এখন দৈনিক গ্যাস উত্তোলনের ক্ষমতা প্রায় ২১৫ কোটি (দুই হাজার ১৫০ মিলিয়ন) ঘনফুটে উন্নীত হয়েছে। তবে সঞ্চালন লাইনের সীমাবদ্ধতার কারণে এই পরিমাণ গ্যাস গ্রাহক পর্যায়ে বিতরণ করা যাচ্ছে না। দেশে বর্তমানে গ্যাসের সর্বোচ্চ চাহিদা ২৫০ কোটি ঘনফুটেরও বেশি। চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় বিদ্যুৎ, সারসহ শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিবহন খাতে ব্যবহারের জন্য সিএনজি স্টেশনেও প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। সরকারি সূত্রগুলো জানায়, বর্তমানে চাহিদা এবং এর সঙ্গে নতুন যে চাহিদা যুক্ত হচ্ছে, তা ২০১২-১৩ সালের আগে মেটানো সম্ভব হবে না।