কৈশোরের সেই দিনগুলো
২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে রংপুর পুলিশ লাইন স্কুল ও কলেজ এবং বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজে দুই দিনব্যাপী পুনর্মিলনী উৎসব গতকাল শুক্রবার শুরু হয়েছে।রংপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকে উৎসবের উদ্বোধন করেন। উৎসবে প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হয়েছেন তাঁদের প্রিয় বিদ্যাপীঠে। স্কুল প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে। গতকাল সকালে বিদ্যালয়ের মাঠ মুখরিত হয়ে ওঠে।সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান উদ্বোধনের পর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঘোড়ার গাড়িতে চড়ে, বাদ্য বাজিয়ে, নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদ আক্তার ১৯৮৯ সালে এই বিদ্যালয় থেকে পাস করেন। ২১ বছর পর প্রিয় বিদ্যালয়ে এমন আয়োজনে আসতে পেরে তাঁর আনন্দের যেন শেষ নেই! শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত নূরে আলম সিদ্দিকী একই বছর এখান থেকে পাস করেন। কত দিন পর দেখা মিলল তাঁর প্রিয় বন্ধুদের! বললেন, ‘বেশ ভালো লাগছে।’ ডিএমপির পুলিশ সর্জেন্ট বানিউল আলম বললেন, ‘এই বিদ্যালয় থেকে পাস করার পর দেখতে দেখতে এত বছর কেটে গেল! এই অনুষ্ঠানের মাধ্যমে পুরোনো বন্ধুদের খুঁজে পেয়েছি।’ বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক সালেহ জহুর চৌধুরী বললেন, ‘এই পুনর্মিলনীর মাধ্যমে আমরা আবার ফিরে পেয়েছি সেই কৈশোরের দিনগুলো।’ আয়োজনের প্রধান উদ্যোক্তা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পুলিশ সুপার সালেহ মো. তানভীর বলেন, উৎসবের সফলতা বয়ে আনতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অনেক ভূমিকা আছে।পাথরঘাটা ডিগ্রি কলেজে সকাল নয়টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় সাংসদ, পৌর মেয়র ও জেলার বিভিন্ন কলেজের আমন্ত্রিত শিক্ষকেরা অংশ নেন। পরে কলেজ চত্বরে উৎসবের সূচনা করেন বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর। বক্তব্য দেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুস, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাথরঘাটা পৌরসভার নবনির্বাচিত মেয়র মল্লিক মো. আইউব, বর্তমান মেয়র আনোয়ার হোসেন আকন্দ, তালতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ খান প্রমুখ। কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ভোলা সরকারি স্কুলের শতবর্ষ পূর্তি উৎসব আজভোলা প্রতিনিধি জানান, আজ শনিবার ভোলা সরকারি বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন করা হবে।শতবর্ষ উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মাকসুদ হেলালী জানান, সকাল নয়টায় একটি শোভাযাত্রায় অংশ নেবেন স্কুলের আড়াই হাজার প্রাক্তন ছাত্র। সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে শতবর্ষ পূর্তি উৎসবের শুভ উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন স্কুলের প্রাক্তন ছাত্র সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান, ভোলা-২ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং ভোলা-১ আসনের সাংসদ বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সভাপতিত্ব করবেন সাবেক সচিব ও স্কুলের প্রাক্তন ছাত্র এম মোকাম্মেল হক। ১৯১০ সালে ভোলা শহরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।