কোকেন চোরাচালান: নূর মোহাম্মদকে অব্যাহতির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন জব্দের ঘটনায় চোরাচালান আইনে করা মামলায় ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান এই অভিযোগপত্র জমা দেন। এতে এজাহারভুক্ত আসামি চালানটির আমদানিকারক প্রতিষ্ঠানের চেয়ারম্যান নূর মোহাম্মদকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। তবে ১৪ পৃষ্ঠার এই অভিযোগপত্রে চালানটির গন্তব্য জানা যায়নি।

৮ আসামি হলেন লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান ও মৌলভীবাজারের বকুল মিয়া, তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কসকো বাংলাদেশ শিপিং লাইনসের ব্যবস্থাপক এ কে আজাদ, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আলম ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। আসামি ফজলুর ও বকুল মিয়া পলাতক। জামিনে রয়েছেন সাইফুল আলম। বাকি পাঁচ আসামি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী আজ বিকেলে তার কার্যালয়ে প্রথম আলোকে বলেন, কোকেন জব্দের চোরাচালান আইনে করা মামলায় ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। আগামীকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে। ১ মে আদালত মামলাটির তদন্ত প্রতিবেদন দিতে দেরি হওয়ায় তদন্ত কর্মকর্তার কাছে কারণ ব্যাখ্যা চেয়েছিলেন।

২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। বলিভিয়া থেকে আসা চালানটির প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল ছিল। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়।

কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় নূর মোহাম্মদ ও তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম মোস্তফাকে আসামি করা হয়। পরে আদালতের নির্দেশে চোরাচালানের অভিযোগে এই মামলায় বিশেষ ক্ষমতা আইনের ধারাও সংযোজন করা হয়।

সাড়ে চার মাস তদন্তের পর ২০১৫ সালের নভেম্বর মাসে ডিবি মাদক মামলায় আটজনকে আসামি করে নূর মোহাম্মদকে অব্যাহতির সুপারিশ করে অভিযোগপত্র আদালতে দেয়। আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র‍্যাবকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ, তাঁর ভাই মোস্তাক আহমেদসহ ১০ জনকে আসামি করে গত ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও র‍্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী। পরে আদালত সেটি গ্রহণ করেন।

এ দিকে কোকেন জব্দের চোরাচালান মামলায় আজ বিকেল আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় আটজনের বিরুদ্ধে। ১৪ পৃষ্ঠার এই অভিযোগপত্রে চালানটির গন্তব্য জানা যায়নি। র‍্যাবের দেওয়া মাদক মামলার অধিকতর তদন্তেও গন্তব্য বের করা যায়নি। এর আগে মাদক মামলায় ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রেও তার উল্লেখ নেই। জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, লন্ডনপ্রবাসী দুই ব্যক্তি ফজলুর রহমান ও বকুল মিয়া এবং ভারতের রাজুকে গ্রেপ্তার করতে না পারায় কোকেনের চালানটির গন্তব্য জানা যায়নি। যাদের বিরুদ্ধে তদন্তে তথ্য প্রমাণ পাওয়া গেছে তাদের আসামি করা হয়েছে।