কোকেন পাচার মামলায় দুই আসামির জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোকেন পাচারের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামির হাইকোর্টের দেওয়া জামিন আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মো. ইমান আলী ওই জামিন আদেশ স্থগিত করেন। ওই দুজন হলেন গোলাম মোস্তফা ও আতিকুর রহমান।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম মুনির।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রথম আলোকে বলেন, কোকেন পাচারের মামলায় গ্রেপ্তার আতিকুর রহমান ও গোলাম মোস্তফাকে ৬ ডিসেম্বর হাইকোর্ট জামিন দেন। ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির কাছে আবেদন করা হয়। শুনানি শেষে ওই দুই আসামির হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।

গত ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। ওই দিনই বন্দর থানার পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। প্রতিটি ড্রামে ১৮৫ লিটার করে সূর্যমুখী তেল রয়েছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়।

গত ১৯ নভেম্বর নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান এই মামলায় আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।