কোকেন পাচারের ঘটনায় দুই পাকিস্তানিসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন কেজির কিছু বেশি কোকেন পাচারের ঘটনায় দুই পাকিস্তানিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার আদালতে হাজির করা হলে আদালত তাঁদের এক দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

জানা গেছে, কোকেনসহ গ্রেপ্তার হওয়া পেরুর নাগরিক হুয়ান পাবলো রাফায়েল জাগাজিটাকে বাংলাদেশে আসার আমন্ত্রণপত্র পাঠিয়েছিল এক পাকিস্তানি নাগরিকের মালিকানাধীন একটি কোম্পানি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা পাবলোর কাছ থেকে ওই আমন্ত্রণপত্র উদ্ধার করেছেন। গত ১১ এপ্রিল কারওয়ান বাজারের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার হন হুয়ান পাবলো। আমন্ত্রণপত্রটি পাওয়ার পর গতকাল সন্ধ্যায় ওই কোম্পানির মালিকের ছেলেসহ দুজন পাকিস্তানি ও ওই কোম্পানিতে কর্মরত দুই বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই পাকিস্তানি হলেন মুস্তাফা আশরাফ নাসিম (২৭) ও সামছুল হক কোরেশি (৪২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বারিধারা ডিওএইচএসের দুই নম্বর সড়কে একটি বাড়ি ভাড়া নিয়ে কয়েক বছর ধরে ক্রস ওশেন প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি চালাচ্ছিলেন মুহাম্মদ আশরাফ নাসিম নামের এক পাকিস্তানি। পরে ওই একই ঠিকানায় সিদ্দিক সন্স ডেনিম (বিডি) লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠান খোলেন তাঁরা। এই প্রতিষ্ঠান থেকেই পাবলোকে বাংলাদেশে আসার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। গতকাল সন্ধ্যায় এই প্রতিষ্ঠান থেকেই চারজনকে গ্রেপ্তার করা হয়।

কর্মকর্তারা জানান, এই প্রতিষ্ঠানগুলোর কর্ণধার মুহাম্মদ আশরাফ নাসিমের ছেলে মুস্তাফা আশরাফ নাসিমকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্দিক সন্স লিমিটেডের পরিচালক (ওভারসিজ) হিসেবে নিজের পরিচয় দিয়েছেন মুস্তাফা। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত বলে তাঁরা কর্মকর্তাদের জানিয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা বিভাগের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কর্মকর্তাদের ধারণা, কয়েক কোটি টাকা মূল্যের তিন কেজি কোকেন বাংলাদেশের ওপর দিয়ে ইউরোপে পাচারের জন্য এদেশে আনা হয়েছিল।