কোকেন মামলার আসামি নূর মোহাম্মদের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন জব্দ করার মামলায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী নূর মোহাম্মদ জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান প্রথম আলোকে আজ রাতে বলেন, কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানার একটি মামলায় উচ্চ আদালত থেকে আসামি নূর মোহাম্মদের জামিননামা কারাগারে আসে। এটি যাচাই করার পর সন্ধ্যায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। বলিভিয়া থেকে আসা চালানটির প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল ছিল। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত করা হয়।

কোকেন জব্দ করার ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২০১৫ সালের ২৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। মামলায় নূর মোহাম্মদ ও তাঁর প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা গোলাম মোস্তফাকে আসামি করা হয়।

২০১৬ সালের ১৫ জানুয়ারি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী চলতি বছরের ৩ এপ্রিল নূর মোহাম্মদসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন। এতে বলা হয়েছে, নূর মোহাম্মদের প্ররোচনা ও যোগসাজশে বিদেশে অবস্থানরত পলাতক দুই আসামির মাধ্যমে তেলের আড়ালে অবৈধভাবে কোকেন আমদানি করা হয়েছে।

২২ মাস তদন্ত করার পর গত ১৪ মে চোরাচালান আইনে ডিবির কর্মকর্তা মো. কামরুজ্জামান আদালতে চোরাচালান আইনে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এতে নূর মোহাম্মদকে আসামি করা হয়নি। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্রটি গ্রহণের শুনানির জন্য ৯ আগস্ট পরবর্তী তারিখ ধার্য রয়েছে।