কোকেনসহ গ্রেপ্তার স্পেনের নাগরিক মুক্তি পাচ্ছেন
পাঁচ বছর আগে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি কোকেনসহ ধরা পড়েন স্পেনের নাগরিক সিয়াস এসপাহো জুলিয়ান। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। গত ১৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তাঁকে মামলা থেকে অব্যাহতি দিতে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এই আবেদন মঞ্জুর করেন।
জুলিয়ানকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। তাঁর আইনজীবী এইচ এম মাসুম প্রথম আলোকে বলেন, আদালত তাঁর মক্কেলকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। খুব শিগগির জুলিয়ান মুক্তি পাবেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ৮ ডিসেম্বর বিমানবন্দর থেকে তিন কেজি কোকেনসহ জুলিয়ানকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়। কোকেন আনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছিলেন তিনি। ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৮ সালের ২২ জানুয়ারি এই মামলার অভিযোগ গঠন করেন আদালত। এরপর ১৩ বার শুনানির তারিখ পড়লেও রাষ্ট্রপক্ষ আদালতে কোনো সাক্ষীকে হাজির করতে পারেনি।
রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনার দায়িত্বে থাকা পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, কেন মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে, সে ব্যাপারে তাঁর কিছু জানা নেই।
গ্রেপ্তারের পর কোকেন আনার বিষয়ে জুলিয়ান তখন আদালতকে বলেছিলেন, তিনি স্পেনের সেভিয়া শহরের বাসিন্দা। শহরে হাঁটাহাঁটির সময় এক লোকের সঙ্গে তাঁর দেখা হয়। লোকটি তাঁকে একটি কাজ করার প্রস্তাব দেন। ওই কাজ করতে পারলে তাঁকে ১০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব করেন সেই লোক। লোকটির নাম ফোল্ডেন। তাঁর কথামতো একটি লাগেজ তিনি বাংলাদেশে নিয়ে আসেন। স্পেনের বাসিন্দা জুলিয়ান আদালতের কাছে দাবি করেন, লাগেজের ভেতর যে কোকেন ছিল, সে বিষয়টি তিনি জানতেন না। জুলিয়ান বাংলা কিংবা ইংরেজি ভাষায় কথা বলতে পারেন না। দোভাষীর মাধ্যমে তাঁর জবানবন্দি রেকর্ড করেছিলেন আদালত।
মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে ঢাকা মহানগর আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (সরকারি কৌঁসুলি) আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী, মামলা থেকে আসামিকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত আসামিকে অব্যাহতির আদেশ দিয়েছেন।