কোকো-সায়মনের অর্থ পাচার মামলায় দুজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ কোটি টাকা পাচারের অভিযোগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা মামলায় গতকাল বুধবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন ওই দুজনের সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আগামী ৮ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।গতকাল কাফরুল থানার রেকর্ডিংয়ের দায়িত্বে থাকা পুলিশ সদস্য সালাউদ্দিন এবং অ্যাটর্নি জেনারেলের ব্যক্তিগত সহকারী-২ (পিএস-টু) কবির আহমেদ সাক্ষ্য দিয়েছেন। এর আগে ৪ জানুয়ারি মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আবু সাঈদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়েছিল। গত ৩০ নভেম্বর আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন ওরফে সায়মনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।আদালত সূত্র জানায়, সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে গত বছরের ১৭ মার্চ দুদক মামলাটি দায়ের করে।২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে (প্যারোলে মুক্তি) কোকো বিদেশে চিকিৎসা করাতে যান। সম্প্রতি সরকার কোকোর প্যারোলে মুক্তির আদেশ বাতিল করে দেওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরও কোকো আদালতে আত্মসমর্পণ না করায় আদালত তাঁর অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি বাতিল করে তাঁকে দেশে ফিরতে চিঠি দেয়। অর্থের অবৈধ লেনদেনের ঘটনায় কোকোকে সহযোগিতা করায় বিএনপির সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত লে. কর্নেল আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনকেও আসামি করা হয়। সায়মন মামলা দায়েরের পর থেকেই পলাতক। আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁদের অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু করেন।প্রসঙ্গত, ২০০৯ সালের ১৭ মার্চ দুদকের করা মামলায় কোকোকে আসামি করা হয়েছিল। একই বছরের ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ সিঙ্গাপুরি ডলার এবং নয় লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার (সে সময়ের বাজারদর অনুযায়ী ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা) অবৈধ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলায় অভিযোগপত্র দেয় দুদক।