কোকোকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারির আদেশ
আয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারির আদেশ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ আগস্ট দিন ধার্য করা হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক গতকাল রোববার এ আদেশ দেন।এই মামলায় গত ১ জুলাই অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। ওই দিন আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে জানান, এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল এ মামলায় হাইকোর্টের আদেশ দাখিলের দিন ধার্য ছিল। গতকাল সময়ের আবেদন করে আইনজীবীরা আদালতকে বলেন, ২০১০ সালের ৯ জুন আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন মামলার কার্যক্রম বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি করা হোক। এর সপক্ষে আইনজীবী সনদ দাখিল করেন। তবে হাইকোর্টের আদেশের অনুলিপি দাখিল করা হয়নি।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, এ মামলায় কোকো পলাতক রয়েছেন। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা বলেন, কোকো সরকারের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসাধীন। পরে আদালত ৩০ আগস্টের মধ্যে কোকোকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি জারির আদেশ দেন।