কোকোকে ১৮ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে আয়কর ফাঁকির মামলায় আগামী ১৮ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন গতকাল রোববার এ আদেশ দেন। কোকোর আইনজীবী গতকাল আদালতকে জানান, আরাফাত রহমান কোকো সরকারের নির্বাহী নির্দেশে প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বিদেশে আছেন। গত ১৫ মে তাঁর প্যারোলে মুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। তাই মামলার কার্যক্রম মুলতবি করা প্রয়োজন। শুনানি শেষে আদালত ১৮ জুলাই আদালতে কোকোর উপস্থিতি ও অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। গত ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোকোর বিরুদ্ধে এ মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, কোকো আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন ও এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। যা ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।