বিদেশে অর্থ পাচারসংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ১৮ জুলাই হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ এ আদেশ দেন। এ মামলার অপর আসামি বিগত চারদলীয় জোট সরকারের নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পুলিশকে তাগিদ দিয়েছেন আদালত। গত ১৫ ফেব্রুয়ারি এ গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু গতকাল সায়মনকে গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। গতকাল আরাফাত রহমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, আরাফাত রহমান সরকারের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে দেশের বাইরে রয়েছেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরাফাতের প্যারোলে মুক্তির মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে। শুনানি শেষে আদালত ১৮ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ১৭ মার্চ কোকোকে আসামি করে অর্থ পাচারের ওই মামলা করে।