কোকোর অর্থ পাচার মামলায় আরও দুজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থ পাচার মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন সাক্ষ্য গ্রহণ করেন। তিনি ১৯ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।গতকাল সাক্ষ্য দেন জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আলী ও ব্যবসায়ী আদনানুল ইসলাম। এ নিয়ে এ মামলায় মোট ১২ জন সাক্ষ্য দিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনা করেন আনিসুল হক ও মোশারফ হোসেন।২০০৮ সালের মে মাসে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি (প্যারোল) পেয়ে কোকো বিদেশে চিকিৎসা করাতে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছর ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি বাতিল করে দেশে ফিরতে চিঠি দেয়। এরপর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু কোকো আদালতে আত্মসমর্পণ না করায়, আদালত তাঁর অনুপস্থিতিতেই গত ৪ জানুয়ারি বিচারকাজ শুরু করেন।অর্থের অবৈধ লেনদেনে কোকোকে সহযোগিতা করায় সাবেক নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনকেও আসামি করা হয়। সায়মন মামলার পর থেকে পলাতক।আদালত সূত্র জানায়, সিমেন্স বাংলাদেশকে কাজ পাইয়ে দেওয়ার ঘুষের অর্থ বিদেশে লেনদেনের অভিযোগে ২০০৯ সালের ১৭ মার্চ দুদক এই মামলা করে। কোকো ও সায়মনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২৮ লাখ ৮৪ হাজার সিঙ্গাপুর ডলার এবং নয় লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার (সে সময়ের বাজারদর অনুযায়ী ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা) অবৈধ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ আইনে একই বছরের ১২ নভেম্বর অভিযোগপত্র দেয় দুদক।