কোকোর জন্য শুক্রবার দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। এদিন জুমার নামাজের পর সারা দেশে মসজিদে দোয়া করার জন্য দলের নেতা-কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
গতকাল মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির প্রথম আলোকে এ কর্মসূচির কথা জানান। তবে দলের পক্ষ থেকে গতকাল পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। ২৭ জানুয়ারি তাঁর মরদেহ দেশে এনে রাজধানীর বনানীর সিটি করপোরেশনের কবরস্থানে দাফন করা হয়। এর এক সপ্তাহের মাথায় গত সোমবার দুপুরে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান তাঁর দুই মেয়ে নিয়ে মালয়েশিয়ায় ফিরে গেছেন।
খালেদার কার্যালয়ে প্রবেশে বাধা: আগের দিনের মতো গতকাল মঙ্গলবারও গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি অব্যাহত রেখেছে পুলিশ। গতকাল ওই কার্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি বলে জানা গেছে।
এদিকে গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এই কার্যালয়ের ফটকের সামনে গাড়ি থেকে নামার পর পর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে ঘিরে ধরে। তিনি কার্যালয়ের দিকে এগোতে থাকলে পুলিশের একজন কর্মকর্তা তাঁর গতিরোধ করেন এবং ভেতরে যাওয়ার কারণ জানতে চান। এ সময় সৈয়দ ইবরাহিম বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করার কথা বললে ওই কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি নেই। তিনি সৈয়দ ইবরাহিমকে ফিরে যেতে বলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশি ঘেরাওয়ের মধ্যে সৈয়দ ইবরাহিম কার্যালয়ের ফটকের সামনে প্রায় ১০ মিনিট অপেক্ষা করেন। এরপর তিনি নিজের গাড়িতে করে আবার ফিরে যান।