কোকোর জানাজায় লাখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। ছবি: ফোকাস বাংলা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। ছবি: ফোকাস বাংলা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে লাখো মানুষের অংশগ্রহণে ওই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান বায়তুল মোকাররমের খতিব মাওলানা মো. সালাহ উদ্দিন।

জানাজা শেষে কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর তাঁর কফিন নিয়ে যাওয়া হয় মসজিদের পশ্চিম পাশে খোলা স্থানে। সেখানে ৩০ মিনিট সর্বসাধারণের দেখার জন্য রাখা হয়। পরে দাফনের জন্য বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয় কোকোর মরদেহ। অ্যাম্বুলেন্স ঘিরে কয়েক হাজার মানুষ লাশবাহী গাড়ির সঙ্গে বনানীর উদ্দেশে রওনা হয় বিকেল পৌনে ছয়টায়। তখনো বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য।
জানাজা শুরুর আগে আরাফাত রহমানের মামা শামীম এস্কান্দার বলেন, ‘আরাফাত রহমান জীবদ্দশায় কোনো অপরাধ করে থাকলে আপনারা তাঁকে ক্ষমা করে দেবেন। তাঁর কোনো ঋণ থাকলে যেন আমার সঙ্গে যোগাযোগ করা হয়।’
এর আগে জোহরের নামাজের পরপরই বায়তুল মোকাররমে আসতে থাকেন বিএনপির নেতা–কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। আসরের নামাজের আগেই পুরো বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকা ভরে যায়। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর থেকে অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন। জানাজায় ফুলের তোড়া হাতে বরিশাল জেলা বিএনপির নেতাদেরও দেখা যায়।
এর আগে কোকোর মরদেহ বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বেলা সাড়ে তিনটায় বায়তুল মোকাররম মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। মানুষের ভিড়ে আসরের নামাজ আদায় হওয়ার পর পৌঁছায় কোকোর মরদেহ ।

জানাজার পরিধি
আরাফাত রহমানের জানাজা বায়তুল মোকাররমের মূল ভবনের সপ্তম তলা, পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণের সব কয়টি গেটে ভরে যায়। জানাজায় অংশ নিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, মহানগর নাট্যমঞ্চ, গোলাপশাহ মাজার থেকে জিপিও মোড়; অন্যদিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ও জাতীয় ক্রীড়া পরিষদ ভবন; পূর্ব গেটের কাছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফাঁকা জায়গায় অসংখ্য মানুষ সমবেত হয়ে জানাজায় অংশ নেন। নির্বিঘ্নে জানাজা সম্পন্ন করতে বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু স্টেডিয়াম, মওলানা ভাসানী হকি স্টেডিয়াম ও এর সামনের ফুটপাতের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ীরা বলছেন, পুলিশের নির্দেশে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

জানাজায় অংশ নেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আব্দুল মান্নান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ২০-দলীয় জোটের জামায়াতে ইসলামীর মজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, রিদওয়ান উল্লাহ শাহিদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ, রেদোয়ান আহমেদ, সাহাদাত হোসেন সেলিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, আহমেদ আবদুল কাদের, কল্যাণ পাটির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খন্দকার লুৎফর রহমান, এনডিপির খোন্দকার গোলাম মুর্তজা, ইসলামিক পর্টির আবদুল মোবিন, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের জেবেল রহমান গানি, গোলাম মুস্তফা ভুঁইয়া, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদি, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।
বিএনপির নেতাদের মধ্যে মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, শাহজাহান ওমর, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, ইনাম আহমেদ চৌধুরী, জয়নাল আবেদীন, আহমেদ আজম খান, রুহুল আলম চৌধুরী, মোসাদ্দেক আলী, মাহবুবউদ্দিন খোকন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, খায়রুল কবির, নেসারুল হক প্রমুখ।