কোকোর দাফন সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানী সিটি করপোরেশন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে আজ সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে কোকোর মরদেহ বনানী কবরস্থানে নিয়ে আসা হয়। সন্ধ্যা পৌনে সাতটার দিকে মরদেহ দাফন করা হয়। এরপর মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী, সমর্থক, স্বজনসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, শাহজাহান ওমর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদসহ দলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত িছলেন। কবরস্থান ও আশপাশের এলাকায় নিরাপত্তা মোতায়েনের জন্য বিপুল সংখ্যক পুলিশ, র্যাব মোতায়েন রয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের সদস্যরাও সেখানে অবস্থান করেছেন।
আরও পড়ুন....
কোকোর জানাজা সম্পন্ন