কোকোর পাচার করা অর্থ জব্দের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কথিত পাচার করা ২০ কোটি ৮৫ লাখ টাকা ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আবেদনের শুনানি হয়নি। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আগামী ১৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী এ আবেদন করেন। গতকাল এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির নতুন দিন ধার্য করেন আদালত। আরাফাত রহমানের পক্ষে আবেদন করে বলা হয়, তিনি সরকারের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসাধীন। সরকার তাঁর মুক্তির মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। এ মামলায় মওদুদ আহমদকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হাইকোর্টে ব্যস্ত থাকায় শুনানি স্থগিত রাখা প্রয়োজন। শুনানি শেষে আদালত পরবর্তী তারিখ নিধারণ করেন শুনানির জন্য।