কোকোর পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে শুনানি আবার পিছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা ২০ কোটি ৮৫ লাখ টাকা ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আবেদনের শুনানি আবার পিছিয়েছেন আদালত। একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতির মামলার অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি হয়নি। গতকাল বুধবার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ মোয়াজ্জেল হোসেইন যথাক্রমে আগামী ১৩ অক্টোবর ও ১৪ নভেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।অর্থ পাচার মামলা: বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে গত ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী আবেদন করেন। গতকাল এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য থাকলেও রাষ্ট্র ও আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির নতুন দিন ধার্য করেন আদালত। আরাফাত রহমানের পক্ষে আবেদন করে বলা হয়, তিনি সরকারের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছেন। সরকার তাঁর মুক্তির মেয়াদ বাড়িয়েছে। আদালত সূত্রে জানা যায়, কোকোর পাচার করা টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৯ জুন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর চিঠি দেন। এরপর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ১২ জুলাই পাচার করা টাকা ফিরিয়ে আনার জন্য আরাফাত রহমানের নামে সিঙ্গাপুরে পাচার করা টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে জব্দ করার আবেদন করেন। মামলার অপর আসামি বিগত চারদলীয় জোট সরকারের নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মন পলাতক আছেন। দুদক গত বছরের ১৭ মার্চ কোকোকে আসামি করে অর্থ পাচারের ওই মামলা করে। দুদক তদন্ত করে গত ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয়।জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতির মামলা: জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতির মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের পক্ষে সময়ের আবেদন করা হয়। এর আগে গত ৩ মার্চ শুনানির দিন ছিল। ওই দিন সংসদ অধিবেশনে ব্যস্ত থাকবেন উল্লেখ করে খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত ওইদিন শুনানি মুলতবি করেন। এর আগে গত ২৭ জানুয়ারি একই কারণ দেখিয়ে সময়ের আবেদন করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সাতজনকে আসামি করে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে অভিযোগ করা হয়, আসামিরা ট্রাস্টের ব্যাংক হিসাব থেকে ক্ষমতার অপব্যবহার করে এতিম তহবিলের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকার ভুয়া এফডিআর করে পরে ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেছেন। এ ছাড়া ট্রাস্টের কোনো অস্তিত্ব নির্ধারিত ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি।