কোকোর পাচার করা আরও সাড়ে সাত কোটি টাকা ফেরত এনেছে দুদক
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদেশে পাচার করা অর্থ থেকে আরও প্রায় সাড়ে সাত কোটি টাকা দেশে ফেরত এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মাধ্যমে তৃতীয়বারের মতো কোকোর পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনল প্রতিষ্ঠানটি।
রাজধানীর এক হোটেলে আজ মঙ্গলবার দুদক আয়োজিত ‘পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানের শেষ দিনে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের কাছে একটি ‘প্রতীকী চেক’ হস্তান্তর করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মাহবুবে আলম সাংবাদিকদের জানান, ১৩ আগস্ট সিঙ্গাপুর ওভারসিস ব্যাংক থেকে নয় লাখ ৫৬ হাজার ৩৮৭ মার্কিন ডলার বাংলাদেশে পাঠানো হয়। পরে ১৮ আগস্ট সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় এ অর্থ দুদকের ‘স্টোলেন রিকভারি অ্যাসেট’ হিসাবে জমা হয়। বাংলাদেশি টাকায় এর পরিমাণ সাত কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ৪১৫ টাকা। এ অর্থ বহুজাতিক কোম্পানি সিমেন্স থেকে ঘুষ হিসেবে নিয়েছিলেন কোকো।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে প্রথম দফায় ২০ লাখ ৪১ হাজার ৫৩৪ দশমিক ৮৮ সিঙ্গাপুর ডলার দেশে ফেরত আনে দুদক, যা বাংলাদেশি টাকায় ১৩ কোটি ৩০ লাখ টাকা। এরপর দ্বিতীয় দফায় চলতি বছরের ৩ জানুয়ারি ওই অর্থের (১৩ কোটি ৩০ লাখ টাকা) মুনাফা ২৩ হাজার ৮০০ সিঙ্গাপুরি ডলার, বাংলাদেশি প্রায় ১৫ লাখ টাকার সমান, দেশে ফেরত আনা হয়েছে।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ‘আইনি জটিলতা কাটিয়ে এ টাকা দেশে আনতে আমরা সক্ষম হয়েছি।’ চেক হস্তান্তরের পর তিনি বলেন, মানি লন্ডারিং আইনের আওতায় যেসব লেনদেন সন্দেহজনক হবে, তাঁর প্রতিটি যাচাই করা হবে। এ ছাড়া বিদেশ থেকে আরও বহু রাজনীতিবিদ ও ব্যবসায়ীর অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।