বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ আরও ২০ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন আদালত।কোকোর পক্ষে করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের নিষ্পত্তি করে গতকাল সোমবার বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।কোকোর কৌঁসুলি মাহবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, আজ থেকে (সোমবার) আরও ২০ দিনের জন্য কোকোর প্যারোলের মেয়াদ বৃদ্ধি করেছেন আদালত। এ সময়ের মধ্যে কোকোর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দিয়ে প্যারোলের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হলে সরকার বিষয়টি বিবেচনা করতে পারে বলে আদালত অভিমত দিয়েছেন।রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানও সাংবাদিকদের একই কথা বলেছেন।তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে প্যারোলে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। দফায় দফায় তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানো হয়। এভাবে সর্বশেষ মেয়াদ শেষ হয় চলতি বছরের ১৪ আগস্ট। গত ১৯ আগস্ট কোকোর প্যারোল বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে কোকোর পক্ষে রিট করা হয়। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন এবং শর্ত সাপেক্ষে তাঁর প্যারোলের মেয়াদ বৃদ্ধি করেন।হাইকোর্টের এ আদেশের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। ৬ অক্টোবর আপিল বিভাগ এক সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেন। গতকাল রুল নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।