কোকোর প্যারোলের মেয়াদ বাড়াতে নতুন আবেদন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুনভাবে আবেদন করা হয়েছে।গতকাল বুধবার কোকোর পক্ষে আইনজীবী মাহবুবউদ্দিন ও শামসুর রহমান বিশ্বাস আবেদনটি করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) আবদুল হান্নান মন্ত্রীর পক্ষ থেকে আবেদনটি গ্রহণ করেন।মাহবুবউদ্দিন প্রথম আলোকে জানান, কোকো অসুস্থ। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।জানা যায়, দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব বরাবর লিখিতভাবে আবেদনটি জমা দেওয়া হয়। কোকোর চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্রও আবেদনের সঙ্গে জমা দেওয়া হয়।২০০৭ সালের ২ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্যাটকো দুর্নীতি মামলায় কোকোকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের মে মাসে তাঁকে প্যারোল দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়। দফায় দফায় তাঁর প্যারোলের মেয়াদ বাড়ানো হয়। এভাবে সর্বশেষ মেয়াদ শেষ হয় চলতি বছরের ১৪ আগস্ট।গত ১৯ আগস্ট কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিল করে তাঁকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে আসতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়। এ নিয়ে কোকোর পক্ষে রিট আবেদন করা হলে ১১ অক্টোবর হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায় দেন। এতে তাঁর সাময়িক মুক্তির মেয়াদ আরও ২০ দিন বাড়িয়ে দেওয়া হয়।