কোকোর প্যারোলের মেয়াদ বৃদ্ধির আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলের (সাময়িক মুক্তি) মেয়াদ ৪০ দিন বাড়ানোসংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি ৩ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।কোকোর কৌঁসুলি মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, হাইকোর্ট প্যারোলের মেয়াদ বৃদ্ধি করে ৪ অক্টোবর শুনানির দিন ধার্য করেছিলেন। আপিল বিভাগ ৩ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন। এ সময় পর্যন্ত কোকোর প্যারলের মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত আদেশ বহাল থাকছে।জানা গেছে, কোকোর করা এক রিটের পরিপ্রেক্ষিতে ২৬ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ৪০ দিনের জন্য প্যারোলের মেয়াদ বৃদ্ধি করে। তবে শর্ত দেওয়া হয়, প্রতি তিন দিন পর থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে রিপোর্ট করতে হবে, নতুবা প্যারোল বাতিল হয়ে যাবে। একইসঙ্গে ৪ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে গত রোববার আবেদন করে। গতকাল এর ওপর শুনানি হয়।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং কোকোর পক্ষে মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন।