আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনবিষয়ক শুনানি ২৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এই তারিখ ধার্য করেন।কোকোর পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আদালতকে বলেন, এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে গত বছরের ৯ জুন রুল জারি করা হয়েছে। হাইকোর্টে ওই রুলের ওপর শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানানো হয়। একই সঙ্গে হাইকোর্টের আদেশ দাখিলের জন্য সময় চান তিনি। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন।মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বছরের পয়লা মার্চ আয়কর ফাঁকির অভিযোগে এই মামলা করে। আদালত মামলাটি গ্রহণ করে কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কোকো সিঙ্গাপুরে থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা সম্ভব হয়নি বলে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান প্রতিবেদন দাখিল করেন। কোকোর পক্ষে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ৯ জুন মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দেন। সূত্র জানায়, হাইকোর্ট দুই সপ্তাহের জন্য রুল দেন। ওই রুল নিষ্পত্তি না হওয়ায় আসামিপক্ষ বারবার সময় নেওয়ার সুযোগ পেয়েছেন। বিচার আদালতের নথিতে আরাফাত রহমান কোকো পলাতক।আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন এবং এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগে এনবিআর এই মামলা করে। তাঁর বিরুদ্ধে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় অভিযোগ আনা হয়।এর আগে গত বছরের ৮ অক্টোবর ও ৭ নভেম্বর এবং চলতি বছরের ১০ জানুয়ারি হাইকোর্টের আদেশ দাখিলের জন্য সময় চাইলে আদালত তারিখ ধার্য করেছিলেন।