বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কোকোর করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। এনবিআরের চেয়ারম্যান, অর্থসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, আয়করের হিসাব বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন ও এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগে এনবিআরের উপকর কমিশনার শাহীন আক্তার হোসেন গত ১ মার্চ নিম্ন আদালতে কোকোর বিরুদ্ধে মামলাটি করেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে ৬ জুন হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। গতকাল বুধবার আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং কোকোর পক্ষে আইনজীবী রফিক-উল হক ও মাহবুব উদ্দিন খোকন মামলা পরিচালনা করেন। সরকারের নির্বাহী আদেশে এখন কোকো চিকিৎসার জন্য বিদেশে আছেন।কোকোর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, কর ফাঁকির অভিযোগে কোকোর বিরুদ্ধে এনবিআরের করা ফৌজদারি মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা এক সপ্তাহের মধ্যে জানাতে রুল জারি করেছেন আদালত।