বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অবৈধ ও অগণতান্ত্রিক। জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতেই সরকার প্রতিহিংসাবশত এই কাজ করেছে বলে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার কোকোর প্যারোল বাতিলের প্রতিবাদে মুক্তাঙ্গনে ছাত্রদল মহানগর দক্ষিণ শাখা আয়োজিত সমাবেশে খোন্দকার দেলোয়ার এ অভিযোগ করেন। বিএনপির মহাসচিব বলেন, কোকোর প্যারোলের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। এ ব্যাপারে কোনো কিছু না বলেই সরকার প্যারোল বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তিনি দাবি করেন, কোকো জিয়া পরিবারের কেউ না হলে এমন ঘটনা ঘটত না।ছাত্রদল মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ও ইলিয়াস আলী, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন। বিএনপি সাংসদদের সংবাদ সম্মেলন: বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর চলমান হামলার অংশ হিসেবে বিএনপির তিন সাংসদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক। তিনি বলেন, ‘খাগড়াছড়িতে বোমা হামলার মাধ্যমে আমাদের প্রাণে মারতে চেয়েছিল।’গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।গত সোমবার খাগড়াছড়িতে এক অনুষ্ঠানে যাওয়ার পথে বিরোধীদলীয় চিফ হুইপসহ সাংসদ শহীদউদ্দিন চৌধুরী ও আশরাফ উদ্দিন নিজানের গাড়িতে হামলা হয়। এর পরিপ্রেক্ষিতে আয়োজিত সংবাদ সম্মেলেন আক্রান্ত তিনজন ছাড়াও দলীয় সাংসদ মোশাররফ হোসেন, জয়নাল আবেদিন, গোলাম মোস্তফা, সৈয়দা আশিফা আশরাফি, নিলুফার চৌধুরী, রাশেদা বেগম, শাম্মী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।যৌথ সভা: ৭ নভেম্বর পালন উপলক্ষে গতকাল বিএনপির এক যৌথ সভা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিবের সভাপতিত্বে সভায় দলের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিভাগের কয়েকটি জেলার নেতারা উপস্থিত ছিলেন।