কোকোর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে দুই আয়কর কর্মকর্তা সাক্ষ্য দেন। তাঁরা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার শাহীন আক্তার হোসেন ও তদন্ত দলের সদস্য সামিয়া আক্তার।এ মামলায় আরাফাত রহমান পলাতক থাকায় তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। ভারপ্রাপ্ত বিচারক আক্তারুজ্জামান ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। ২০১০ সালের ১ মার্চ শাহীন আক্তার হোসেন আয়কর ফাঁকির অভিযোগে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে প্রদর্শিত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন আরাফাত রহমান।গত ২৭ সেপ্টেম্বর আরাফাতের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। এর আগে ৫ আগস্ট এ মামলায় তাঁকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছিল। ৩০ আগস্ট গেজেট প্রকাশসংক্রান্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত অভিযোগ আমলে নিয়ে শুনানির দিন ধার্য করেন। আয়কর অধ্যাদেশের ১৬৫ ধারায় তিন বছর এবং ১৬৬ ধারায় এক বছর সাজার বিধান রয়েছে। উভয় ধারায় সাজা ও অর্থদণ্ড করারও বিধান রয়েছে। গত বছর ২৩ জুন মানি লন্ডারিং আইনের একটি মামলায় আরাফাত রহমানের ছয় বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এবার তাঁর বিরুদ্ধে দ্বিতীয় মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হলো।