বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ২০০৯-এর পরিবর্তে ২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইনে নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে।একই সঙ্গে আদালত মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবু সাঈদের আবার সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ জুন দিন ধার্য করেছেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোজাম্মেল হোসেন এ আদেশ দেন।দুদকের আইনজীবী মোশাররফ হোসেন গতকাল আবেদনপত্র দিয়ে আদালতে বলেন, গত বছরের ৩০ নভেম্বর এ মামলায় আরাফাত রহমান কোকো ও তাঁর সহযোগী ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে ২০০৯ সালের মানি লন্ডারিং আইনে অভিযোগ গঠন করা হয়। তিনি বলেন, ২০০৯ সালের ২৬ অক্টোবর দুদক তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করে। গত বছরের ৬ জুলাই এ মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এর বৈধতা চ্যালেঞ্জ করে তারেকের করা রিট আবেদন গত বছরের ২৯ সেপ্টেম্বর হাইকোর্টে খারিজ হয়। ওই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল ২ জুন আপিল বিভাগ খারিজ করেন। গত রোববার ‘কোকোর বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় গ্রামীণফোনের কর্মকর্তা সাক্ষ্য দিলেন’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সাক্ষী ওমর বিন হারুন খান বর্তমানে গ্রামীণফোনে কর্মরত নেই। গত বছরের জানুয়ারিতে তিনি পদত্যাগ করেছেন।