কোকোর মরদেহ নিতে বিএনপি নেতারা বিমানবন্দরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাফাত রহমান কোকোর মরদেহবাহী গাড়ি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে যাত্রা করার আগ মুহূর্তের ছবি। ছবি: সাহাদাত পারভেজ
আরাফাত রহমান কোকোর মরদেহবাহী গাড়ি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে যাত্রা করার আগ মুহূর্তের ছবি। ছবি: সাহাদাত পারভেজ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ আজ মঙ্গলবার মালয়েশিয়া থেকে ঢাকায় আসছে। তাঁর মরদেহ গ্রহণের জন্য বিএনপির কয়েকজন নেতা ইতিমধ্যে বিমানবন্দরে গেছেন। লাশ বহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। 
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইনসের প্যাসেঞ্জার সার্ভিস স্পেশালিস্ট মাহমুদুল হাসান হিমেল সকালে প্রথম আলোকে জানিয়েছেন, কোকোর মরদেহবাহী বিমানটি বাংলাদেশ সময় সকাল আটটার দিকে মালয়েশিয়া থেকে রওনা হয়েছে। বেলা ১১টা ৩৭ মিনিটে বিমানটি ঢাকায় অবতরণ করতে পারে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে মরদেহ হস্তান্তর করা হবে।
বেলা ১১টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের তিন মিনিট বিলম্বে বিমানটি ঢাকায় অবতরণ করবে। আনুষ্ঠানিকতা শেষ করতে ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগতে পারে।

বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্র জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার গেট দিয়ে কোকোর মরদেহ বের হবে।
লাশ বহনের জন্য বেলা ১১টার দিকে আলিফ মেডিকেল সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটে ঢুকেছে।
লাশ গ্রহণের জন্য বেলা ১১টার দিকে বিমানবন্দরে যান বিএনপির কয়েকজন নেতা। তাঁদের মধ্যে রয়েছেন আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ফজলুল হক মিলন, গিয়াস কাদের চৌধুরী, আবদুল মান্নান প্রমুখ। তাঁরা বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটের বাইরে অবস্থান করছেন।
কোকোর মরদেহ আসা উপলক্ষে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিমানবন্দরে কোকোর মরদেহ গ্রহণ করবেন বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতা। মরদেহ সরাসরি গুলশানে নেওয়া হবে। সেখানে কেবল পরিবারের সদস্যরা থাকবেন। দলীয় নেতা-কর্মীদের সেখানে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখার পর কোকোর মরদেহ নেওয়া হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে আজ বাদ আসর জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা।
নজরুল ইসলাম খান বলেন, আরাফাত রহমান অরাজনৈতিক ব্যক্তি ছিলেন। তাই রাজনৈতিক দলসহ সব শ্রেণি-পেশার মানুষকে জানাজায় অংশ নিতে আহ্বান জানান তিনি।
আরাফাত রহমান গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন কুয়ালালামপুরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রগুলো জানায়, প্রথমে চিন্তা ছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরাফাত রহমানের জানাজা হবে। পরে খালেদা জিয়ার নির্দেশে বায়তুল মোকাররমে জানাজার আয়োজন করা হচ্ছে। কারণ হিসেবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তিনি কখনো বিএনপি বা অন্য কোনো দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এ কারণে দলীয় কার্যালয়ের সামনে জানাজা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।