মানবিক দিক বিবেচনা করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। তিনি বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে আরও আলোচনার পরই সিদ্ধান্ত দেওয়া হবে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল সচিবালয়ে এক বৈঠক শেষে একই বিষয়ে বলেন, আমরা দীর্ঘদিন ধরে ভেবে আসছিলাম কোকো অসুস্থ। কিন্তু আমাদের কাছে এখন খবর আছে, তিনি সুস্থ আছেন এবং বিভিন্ন দেশে ভ্রমণ করে বেড়াচ্ছেন। অন্যদিকে তাঁর আইনজীবী যে চিকিৎসা সনদ দিয়েছেন তাও পুরোনো। কোকো মামলা থেকে রেহাই পেতে প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে সময় কাটাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁর দুটি ছেলেই অসুস্থ, তাঁদের মা কেমন করে দুই বছর ধরে ছেলেদের না দেখে আছেন? পুরো ঘটনায় বোঝা যাচ্ছে, কোকো সুস্থ আছেন, তাই তাঁর দেশে ফিরে আসা উচিত।’ ২১ আগস্ট কোকোর সাময়িক মুক্তির মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানিয়ে আবার আবেদন করা হয়। ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কোকোর একজন আইনজীবী এ-সংক্রান্ত আবেদনপত্র জমা দেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোকোর সাময়িক মুক্তির আদেশ বাতিল করে এবং তাঁকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে বলে। গত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় থেকে কোকো চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন।