কোকোর মৃত্যুবার্ষিকী পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
আজ রোববার দুপুরে বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া করেন খালেদা জিয়া। ছেলের কবর জিয়ারতের সময় খালেদা জিয়া কান্নায় ভেঙে পড়েন। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে কোকোর শ্বশুর-শাশুড়ি, ছোট মামিসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া গুলশানে খালেদা জিয়ার বাসভবন, গুলশান কার্যালয়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রমুখ শীত বস্ত্র বিতরণ করেন।
এ ছাড়া বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত বছরের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান। পরে ২৮ জানুয়ারি আরাফাত রহমানের মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।