সোনালী ব্যাংকের করা ঋণখেলাপি মামলায় আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়েকে আগামী ২২ সেপ্টেম্বর আদালতে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।
ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক ফাতেমা ফেরদৌস গতকাল রোববার এ আদেশ দেন। গতকাল জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু জবাব দাখিল না করায় নতুন তারিখ ধার্য করেন আদালত।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে কোকো গত ২৪ জানুয়ারি মারা যান। পরে তাঁর বিরুদ্ধে থাকা ঋণখেলাপি মামলায় কোকোর মা, স্ত্রী ও দুই মেয়েকে পক্ষভুক্ত করে সোনালী ব্যাংক। গত ১৪ জুলাই খালেদা জিয়ার লিখিত জবাব আদালতে দাখিল করেন তাঁর আইনজীবীরা।
ড্যান্ডি ডাইংয়ের নামে ঋণ নিয়ে তা পরিশোধ না করায় ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংক ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকার ঋণখেলাপির অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলা করে। মামলায় ড্যান্ডি ডাইংয়ের পরিচালক হিসেবে তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ ১০ জনকে বিবাদী করা হয়।