কোচ দম্পতির ঘটনায় মামলা, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গ্রাম্য সালিসে কোচ সম্প্রদায়ের দম্পতির মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার সকালে নির্যাতনের শিকার নারী বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা-পুলিশ সূত্র জানায়, মামলায় কোচ সম্প্রদায়ের নারী ও পুরুষসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গতকাল সকালে দুখীরাম কোচ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসী জানান, কোচ সম্প্রদায়ের এক নারীর সঙ্গে প্রতিবেশী এক মুসলিম পরিবারের সুসম্পর্ক গড়ে ওঠে। এতে কোচ সম্প্রদায়ের নারী ও পুরুষেরা ওই নারীর ওপর ক্ষিপ্ত হন। এর জের ধরে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে বুধবার রাতে কোচ সম্প্রদায়ের মাতবরেরা সালিস করে ওই নারী ও তাঁর স্বামীর মাথা ন্যাড়া করে দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার ওই দম্পতির গলায় জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোয় ‘কোচ সম্প্রদায়ের দম্পতিকে মাথা ন্যাড়া করে “শাস্তি”’ শিরোনামে সংবাদ ছাপা হয়।
ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
মহিলা পরিষদের বিবৃতি
সংস্থাটির পাঠানো বিবৃতিতে ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের অবিলম্বে যথাযথ শাস্তির দাবি করা হয়েছে।