কোচ মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার দাবি
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছে দেশের ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। বাঙালি মুক্তিযোদ্ধারা যদি তাঁদের যথাযোগ্য সম্মান পেয়ে থাকেন, কোচ মুক্তিযোদ্ধাদেরও সেই সম্মান ও স্বীকৃতি দিতে হবে।
আজ রোববার সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আদিবাসী মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে কোচ আদিবাসী সংগঠনের পক্ষ থেকে এসব কথা বলা হয়। ‘বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বাচ্চা না কাঁদলে মা তার সন্তানকে খাবার দেন না, তেমনি আদিবাসীদের অধিকার ও দাবিদাওয়া অর্জনে তাদেরই এগিয়ে আসতে হবে। তবেই সরকার তাদের কথা শুনবে।’
অনুষ্ঠানের প্রধান বক্তা আরডিসির চেয়ারপারসন অধ্যাপক মেসবাহ কামাল বলেন, গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ ছাড়াও দেশের উত্তরাঞ্চলে কোচ জাতিগোষ্ঠী বসবাস করে। তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে দাবি আদায় করতে হবে। যত দিন পর্যন্ত ক্ষুদ্র জাতিসত্তার সম-অধিকার প্রতিষ্ঠিত না হবে, তত দিন পর্যন্ত কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে ভালুকা উপজেলার উথুরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সদস্য অলকা রানী কোচ বলেন, ইউনিয়ন পরিষদের নারী সদস্য হলেও তিনি এলাকার কাজ পেতে বৈষম্যের শিকার হন। এসব থেকে মুক্তি পেতে তিনি অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন।
সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় সখীপুরের প্রমিলা রানী, সন্ন্যাসী প্রফুল্ল কুমার কোচ, কালিয়াকৈরের ঊষারঞ্জন কোচ, ভালুকার চন্দন চন্দ্র বর্মণ, মধুপুরের দেবেন্দ্র চন্দ্র বর্মণ, ঘাটাইলের সুখেন্দ্র চন্দ্র ক্ষত্রিয়, প্রয়াত রাজকুমার চন্দ্র বর্মণ, প্রয়াত পদ্মকুমার সরকারকে। এ ছাড়া গেজেটভুক্ত ভাতাপ্রাপ্ত চারজন মুক্তিযোদ্ধা এবং ভাতাবিহীন ছয়জনকে এ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জন্য মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করার দাবিসহ ২২টি দাবি জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আরডিসির সাধারণ সম্পাদক জান্নাত-এ-ফেরদৌসী, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র কোচ, সখীপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রবিন্দ্র চন্দ্র বর্মণ, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাহিন্দ্র চন্দ্র কোচ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল মণ্ডল।