কোচবিহার কারাগারে ৩২ বাংলাদেশির অনশন, অসুস্থ ২৮
পশ্চিমবঙ্গের কোচবিহারের জেলা কারাগারে ১৮ মহিলাসহ ৩২ জন বাংলাদেশি বন্দী গত বুধবার থেকে অনশন করছেন। তাঁদের মধ্যে ২৮ জন গতকাল শুক্রবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁদের কোচবিহার জেলা হাসপাতালে নেওয়া হয়। দেশে ফেরার দাবিতে তাঁরা এ অনশন করছেন। এর আগে গত ৫ আগস্ট এই বন্দীদের মধ্যে ২৪ জন একই দাবিতে অনশন শুরু করলে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তিন দিন পর তাঁরা অনশন প্রত্যাহার করেন। কিন্তু দীর্ঘ দুই মাসেও তাঁরা দেশে ফিরতে না পেরে আরও আটজনকে সঙ্গী করে ফের অনশন শুরু করেন। এসব বন্দীর সাজার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।অনশনরত বন্দীর মধ্যে পাঁচজন আছেন যাঁদের সাজার মেয়াদ শেষ হয়েছে আড়াই বছর আগে। কিন্তু কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে তাঁরা দেশে ফিরতে পারেননি। বন্দীরা ঘোষণা দিয়েছেন, তাঁদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো না হলে আমৃত্যু অনশন চালিয়ে যাবেন। কোচবিহার কারাগারের সুপারিনটেনডেন্ট কে এন বীর গতকাল প্রথম আলোকে জানান, তাঁরা চেষ্টা করেও বন্দীদের অনশন ভাঙাতে পারেননি। সাজার মেয়াদ শেষ হওয়া হওয়া ৩২ জন বন্দী ছাড়াও এই কারাগারে আরও ৯৫ জন বাংলাদেশি বন্দী কারাদণ্ড ভোগ করছেন। এ ছাড়া আদালতে ৪৯ জন বন্দীর বিচার চলছে। এর বাইরে কোচবিহার কারাগারে আরও ৩৬ বাংলাদেশি শিশু বন্দী রয়েছে। তাদের অনেকেই মায়ের সঙ্গে কারাগারে আছে। জেল সুপার জানান, অনশনরত বন্দীদের মধ্যে ২৮ জন অসুস্থ হয়ে পড়েছে। গতকাল বিকেলে তাঁদের কোচবিহার জেলা হাসপাতালে নেওয়া হয়। জেল সুপার আরও বলেন, বন্দীদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও চেংড়াবান্দা সীমান্তে বিডিআর সদস্যরা তাঁদের গ্রহণে অস্বীকার জানান। ফলে আজও তাঁরা কারাগারে বন্দী রয়েছেন। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, তাঁরা বন্দীদের অনশন ও অসুস্থ হওয়ার খবরটি জেনেছেন। তাঁদের দ্রুত দেশে পাঠানোর চেষ্টা চলছে।