কোচবিহারে অনশন অব্যাহত, দুজন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল দ্রুত বিনিময়ের দাবিতে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় আমরণ অনশন অব্যাহত রেখেছেন ছিটমহলের বাসিন্দারা। জেলার দিনহাটা মহকুমার সংহতি ময়দানে আয়োজিত অনশনের পঞ্চম দিনে গতকাল শুক্রবার অসুস্থ হয়ে পড়েন দুই প্রবীণ ব্যক্তি।এর মধ্যে গুরুতর অসুস্থ নিরোদ কুমার বর্মণকে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন। কিন্তু তিনি মুখ দিয়ে ওষুধ নিতে আপত্তি করায় তাঁর শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অনশনকারী দুই প্রবীণ ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করেছে প্রশাসন।এদিকে একই দাবিতে বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে অবস্থিত ভারতের ছিটমহলের বাসিন্দারা কাল রোববার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। গতকাল দুপুরে কুড়িগ্রামের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।গোলাম মোস্তফা বলেন, ‘১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী, ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত ছিটমহলগুলো বিনিময়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এ জন্য দুই দেশের সরকার গত বছর ছিটমহলগুলোতে জনগণনা করে। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ভারতের পশ্চিমবঙ্গ সরকার ছিটমহল বিনিময়ের ক্ষেত্রে একটি অবাস্তব এবং অমানবিক যুক্তি দাঁড় করিয়ে ছিটমহল বিনিময় প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করছে। বাধ্য হয়ে আমরা ১৮ মার্চ (কাল রোববার) থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে যাচ্ছি।’ এ সময় উপস্থিত ছিলেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ময়নুল হক, পঞ্চগড়ে দাশিয়ারছড়া ছিটের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।