কোচবিহারে সাবেক ছিটমহলবাসীর অনশন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জের সাবেক ভারতীয় ছিটমহলবাসী তাঁদের অনশন প্রত্যাহার করে নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর গতকাল শনিবার বেলা তিনটার দিকে তাঁরা অনশন ভাঙেন।

১০ দফা দাবিতে গত বুধবার শুরু হওয়া এই অনশনের তৃতীয় দিনে শুক্রবার বিকেলে অনশনকারীদের হটিয়ে দিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের হামলা ও অনশনজনিত অসুস্থতার কারণে ১৮ জনকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অনশনকারীদের ওপর পুলিশের এই হামলার প্রতিবাদে মেখলিগঞ্জে পৃথকভাবে গতকাল অর্ধদিবস বন্‌ধের ডাক দেয় বিজেপি ও বামফ্রন্ট।

২০১৫ সালের ৩১ জুলাই রাতে ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা উভয় দেশের ১৬২টি ছিটমহল বিনিময় হয়। এরপর পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়া ভারতীয় ছিটমহলের ৪৬টি পরিবারের ঠাঁই হয় মেখলিগঞ্জ মহকুমায়। সম্প্রতি এসব পরিবারের স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে মেখলিগঞ্জের পানিশালা এলাকায় বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এতে আপত্তি তোলেন অস্থায়ী শিবিরের সাবেক ছিটমহলবাসী।

এরপর মেখলিগঞ্জ মহকুমা প্রশাসকের দপ্তরের সামনে ১০ দফা দাবিতে অনশন শুরু করেন সাবেক ছিটমহলবাসী। ৮ নম্বর দাবিতে তাঁরা বলেছিলেন, যদি ভারত বা পশ্চিমবঙ্গ সরকার দাবি মেনে না নেয়, তবে যেন তাঁদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

গতকাল দুপুরে কোচবিহার জেলা প্রশাসন জানায়, যে জায়গায় সাবেক ছিটমহলবাসীকে পুনর্বাসন করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই প্রকল্পটি বাতিল করা হয়েছে। এরপর অনশন প্রত্যাহার করে নেওয়া হয়।