প্রাইভেট, কোচিং ও গাইড বইয়ের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা, নির্দেশনার বাস্তবায়ন হচ্ছে না। এ জন্য খাদ্যে ভেজালবিরোধী অভিযানের মতো এ সবের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করতে হবে।খুদে শিক্ষার্থীদের সংসদ ‘চাইল্ড পার্লামেন্ট’ সদস্যরা গতকাল বুধবার ওই প্রস্তাব করেছে। খুদে সাংসদেরা এতে বলে, কোচিং চলছে, অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড বই। এর কারণে শিক্ষার্থীদের ব্যয় বাড়ছে। গতকাল নগরের এলজিইডি মিলনায়তনে বসে চাইল্ড পার্লামেন্টের দশম অধিবেশন। চাইল্ড পার্লামেন্ট হচ্ছে দেশের ৬৪টি জেলা থেকে একজন করে এবং ২০ জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীকে নিয়ে জাতীয় সংসদের আদলের গড়া একটি ফোরাম। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে এর কার্যক্রম পরিচালিত হয়। এবারের অধিবেশনে ‘শিক্ষা খাতে ব্যয়: পরিবার ও শিশুদের ওপর প্রভাব’ শীর্ষক জরিপের ফল নিয়ে আলোচনা করে সাংসদেরা। চাইল্ড পার্লামেন্টের পক্ষ থেকে দেশের ৬৪টি জেলায় ওই জরিপ পরিচালনা করা হয়। এতে ২৪২ জন শিক্ষার্থী এবং ২০৩ জন অভিভাবকের মতামত নেওয়া হয়। জরিপের ফলাফলে দেখা যায়, ৪৪ শতাংশ শিক্ষার্থী বলেছে, ২০১০-এর তুলনায় ২০১১ সালে তাদের বিদ্যালয়ে যাতায়াত খরচ বেড়েছে। ৫৩ শতাংশ শিক্ষার্থী বলেছে, এতে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি হয়েছে। শিক্ষার উপকরণের দাম বেড়েছে ১৮ শতাংশ। ৯৫ শতাংশ শিক্ষার্থী বলেছে, ২০১০-এর তুলনায় ২০১১ সালে তাদের পড়ালেখার খরচ বেড়েছে। এর মধ্যে ভর্তি ফি বেড়েছে ২৪ দশমিক ৮৭ শতাংশ, বেতন বেড়েছে ৮ দশমিক ২৫ শতাংশ। ৯০ শতাংশ শিক্ষার্থী বলেছে, তারা প্রাইভেট-কোচিংয়ে পড়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘কোচিং বাণিজ্য বন্ধ করে দেব।’