কোচিং করানোর অভিযোগ ব্যবহারিক পরীক্ষায় শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাঁচজন শিক্ষক একত্রে ছাত্রদের কোচিং করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে এইচএসসির ব্যবহারিক পরীক্ষায় অর্থ লেনদেন করার আশঙ্কা করা হচ্ছে।ওই শিক্ষকেরা হলেন: কৃষিবিজ্ঞানের রুহুল আমিন, রসায়নের মাহবুবুর রহমান, উদ্ভিদবিদ্যার ফারুক হোসেন, গণিতের মোজাফ্ফর হোসেন ও পদার্থবিজ্ঞানের মোমিনুল ইসলাম।কলেজ, পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগের ছয়টি বিষয়ের প্রতিটিতে ব্যবহারিক পরীক্ষার ২৫ নম্বর। চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় ৯১৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২৩৫ জন। শিক্ষক মাহবুবুর রহমান, ফারুক হোসেন, মোজাফ্ফর হোসেন ও মোমিনুল ইসলাম গণিত, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ৫ মার্চ পর্যন্ত জনপ্রতি তিন হাজার টাকা চুক্তিতে কোচিং করান। এ কোচিং চলে কলেজের শ্রেণীকক্ষ ও শিক্ষকদের নিজ নিজ বাসায়।২০০৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বোর্ডের সব পরীক্ষা নিজ নিজ প্রতিষ্ঠানের বাইরের কেন্দ্রে নেওয়ার আদেশ দেওয়া হয়। সেই থেকে সরকারি কলেজের পরীক্ষার্থীদের এইচএসসি তত্ত্বীয় (লিখিত) ও ব্যবহারিক পরীক্ষা চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের কেন্দ্রে হয়ে আসছে। পরীক্ষার্থীরা জানায়, আদর্শ সরকারি মহিলা কলেজে কৃষিবিজ্ঞান বিভাগে শিক্ষক নেই। এ কারণে কৃষিবিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষা সরকারি কলেজের শিক্ষক রুহুল আমিনের হাতে থাকায় তিনি তিন হাজার টাকা চুক্তিতে কৃষিবিজ্ঞান বিষয়ে কোচিং করতে একরকম বাধ্য করেছেন।চুয়াডাঙ্গা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা এবার নিজ কলেজেই হবে, ওই শিক্ষকদের পক্ষ থেকে এ রকম প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ আছে। পরীক্ষার ফলাফলে প্রভাব পড়তে পারে, এমন শঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে বিজ্ঞান বিভাগের কয়েকজন পরীক্ষার্থী জানায়, এবার তাদের কলেজেই ব্যবহারিক পরীক্ষা হবে, এমন তথ্য দিয়ে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে, ওই শিক্ষকেরা কলেজের অধ্যক্ষকে বুঝিয়ে ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র নিজ কলেজে আনতে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের চেয়ারম্যানকে লিখিত আবেদন জানিয়েছেন।শিক্ষক মাহবুবুর রহমান অভিযোগ অস্বীকার করে জানান, তিনিসহ ওই শিক্ষকেরা একসঙ্গে কোচিং করাননি। অধ্যক্ষের পরামর্শে পরীক্ষার্থীদের মানোন্নয়নে মডেল টেস্ট নিয়েছেন। এ জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে মাত্র।শিক্ষক রুহুল আমিন শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য করার অভিযোগ অস্বীকার করে জানান, তিন হাজার টাকা চুক্তিতে নয়, তিনি মাসে ১৫০ টাকা বেতন হিসেবে ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থীকে দুই মাস পড়িয়েছেন। আর ব্যবহারিক পরীক্ষা নিয়ে বাণিজ্যের অভিযোগও সঠিক নয়। অভিযুক্ত বাকি শিক্ষকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ সজল কান্তি মণ্ডল জানান, কলেজের কোনো শিক্ষকের কোচিং-বাণিজ্যের বিষয়টি তাঁর জানা নেই। তবে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গলের জন্যই তাঁর অনুমতি নিয়ে মডেল টেস্টের ব্যবস্থা করেছিলেন। এতে ৯১৫ পরীক্ষার্থীর মধ্যে শতাধিক অংশ নেয়। তিনি দাবি করেন, কারও প্ররোচনায় নয়, ব্যবহারিক পরীক্ষা নিজ কলেজে নেওয়ার আবেদন তিনি স্ব-উদ্যোগেই যশোর বোর্ডকে জানিয়েছেন। কারণ, আদর্শ সরকারি মহিলা কলেজে একসঙ্গে এত পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়।