কোচিং করার দাবিতে পাবনায় শিক্ষার্থীদের মিছিল!
কোচিং বন্ধের প্রতিবাদে ও কোচিং করানোর দাবিতে গত সোমবার সকালে মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পাবনা জেলা স্কুলের শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, কোচিং করানো শিক্ষকদের ইন্ধনে শিক্ষার্থীদের একাংশ এই মিছিল করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে পাবনা জেলা স্কুলের কিছু শিক্ষার্থী শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে প্রথমে বিদ্যালয়ের প্রাঙ্গণে কোচিং বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় কয়েকজন শিক্ষক হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানান।এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে কোচিং করানোর দাবিসংবলিত একটি স্মারকলিপি দেয়। শিক্ষার্থীরা জানায়, তারা যেসব শিক্ষকের কাছে কোচিং করত, তাঁরা কোচিং করাবেন না বলে তাদের হুমকি দিয়েছেন। পরে শিক্ষার্থীরা বিষয়টির সমাধান জানতে চাইলে শিক্ষকেরা তাদের মিছিল করার পরামর্শ দিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে দশম শ্রেণীর একজন ছাত্র বলে, ‘স্কুলে পড়া হয় না। স্যারেরা বলছেন, মিছিল না করলে তাঁরা আর আমাদের কোচিং করাতে পারবেন না। তাই আমরা মিছিল করেছি।’স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘সরকার কোচিং-সংক্রান্ত যে নীতিমালা করেছে, আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। আমরা ইতিমধ্যে সব শিক্ষককে কোচিং না করানোর জন্য জানিয়েছি। তাঁরা কোচিং করানো বন্ধ করে দিয়েছেন। শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই মিছিল করেছে। এর সঙ্গে কোনো শিক্ষকের সম্পৃক্ততা নেই।জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের কাছে এসেছিল। আমরা তাদের আবেদনটি গ্রহণ করে শ্রেণীকক্ষে ফিরে যেতে বলেছি।