কোচিং না করলে শ্রেণীকক্ষে প্রবেশ নিষেধ!
সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের জন্য কোচিং বাধ্যতামূলক করেছেন বলে অভিযোগ উঠেছে।বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেন, বিদ্যালয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য গত ১ ফেব্রুয়ারি এবং অন্য শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ১ মার্চ থেকে কোচিং শুরু হয়েছে। সকাল আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে কোচিং ক্লাস। সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে মূল ক্লাস। কোচিংয়ের জন্য ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা এবং অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। কোচিংয়ে ভর্তি না হওয়া শিক্ষার্থীদের বিদ্যালয়ের মূল ক্লাস করতে দেওয়া হচ্ছে না।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বলেন, বিদ্যালয়ে যারা কোচিংয়ে ভর্তি হয়েছে তারা সকাল আটটা থেকেই শ্রেণীকক্ষে উপস্থিত থাকছে। সাড়ে ১০টায় মূল ক্লাস শুরু হলে নতুন করে কাউকে শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গত সোমবার সকাল সাড়ে ১০টায় কোচিংয়ে ভর্তি না হওয়া বিভিন্ন শ্রেণীর ২০ জন ছাত্র শ্রেণীকক্ষে ঢুকতে গেলে তাদের বের করে দেওয়া হয়। কোচিংয়ে ভর্তি না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীদের মূল ক্লাসে ঢুকতে দেওয়া হবে না বলে শিক্ষকেরা জানিয়ে দেন।কোচিংয়ে বাধ্য করার অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন সাহা বলেন, ‘আমরা কোচিংয়ে ভর্তি হওয়া বাধ্যতামূলক করিনি। যেহেতু সরকারিভাবে প্রাইভেট পড়ানো বন্ধ করা হয়েছে, সেহেতু ভালো ফলাফল ধরে রাখার জন্য শিক্ষার্থীদের কোচিং হিসেবে অতিরিক্ত ক্লাস করানো হচ্ছে। এ জন্য অল্প টাকা নিয়ে নিয়ম অনুযায়ী করা হচ্ছে। কোনো শিক্ষার্থীকে মূল ক্লাসে আসতে বাধা দেওয়া হচ্ছে না।’ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার বলেন, বিদ্যালয়ে কোচিং ক্লাস নেওয়ার নিয়ম নেই। সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে অতিরিক্ত ক্লাস করানোর নিয়ম রয়েছে। এখানে সব শিক্ষার্থীকে ভর্তি করা নিয়মবহির্ভূত। ওই বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত করে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।