পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষা সমাপনী ও বৃত্তি পরীক্ষা সামনে রেখে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান ছাড়াও বিশেষ কোচিং শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, বিদ্যালয়ে কোচিং করানো যাবে, তবে বাড়তি টাকা নেওয়া যাবে না। শিক্ষকেরা বলছেন, টাকা না পেলে তাঁরা বাড়তি মেধা ও শ্রম দেবেন কেন? এর পাশাপাশি যে প্রশ্নটি বড় হয়ে উঠেছে তা হলো, শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিংয়ের সুযোগ না থাকলে রাজধানীর অলিগলিতে গজিয়ে ওঠা কোচিং সেন্টারগুলো আরও বেশি জমজমাট হয়ে উঠবে। আর বেশি টাকা খরচ করে নিম্নমানের শিক্ষা পাবে শিক্ষার্থীরা। শিক্ষকদের বাসায় শিক্ষার্থীদের আনাগোনাও এখনকার তুলনায় বেড়ে যাবে।শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল রোববার রাজধানীর ২৪টি সরকারি বিদ্যালয়সহ নামকরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে বৈঠক করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ। ওই সভায় কোচিং প্রসঙ্গে অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের মতামত নেওয়া হয়। মহাপরিচালক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এসব মত তিনি মন্ত্রণালয়ে পাঠাবেন। গতকালের সভায় গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল বলেন, কোচিং ক্লাস ও প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার বিষয়ে সরকারের কোনো নীতিমালা থাকার কথা জানা নেই। প্রচলিত প্রথা অনুযায়ী পাবলিক পরীক্ষার আগে সব বিদ্যালয় কোচিং করিয়ে থাকে। শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য অনুশীলনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই এটা চান। তিনি বলেন, কেউ কোচিং ফি দিতে অপারগ হলে তাঁর স্কুলে তা মওকুফ করা হয়, কাউকে এটা করতে বাধ্য করা হয় না। অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম বলেন, বিদ্যালয়ে কোচিং বন্ধ করা হলে এর বিকল্প ঠিক করতে হবে। তা ছাড়া বিদ্যালয়ে কোচিং বন্ধ করা হলে শিক্ষার্থীরা একদিকে বেশি টাকা খরচ করবে, অন্যদিকে তারা প্রতারিত হবে। বিদ্যালয়গুলো বলছে, শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার বিকল্প হিসেবে এবং ভালো ফল করাতে এত দিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে কোচিং করানো হতো। এখন পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার আগে কোচিং করানো হচ্ছে। তবে কোচিংয়ের নামে একেক বিদ্যালয়ে একেক রকম টাকা নির্ধারণ করে দেওয়ায় অভিভাবকেরা বিপাকে পড়েছেন। কোচিংয়ের নামে বাড়তি টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে গত শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, কোচিং-বাণিজ্যের বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, পিছিয়ে পড়া ছাত্রছাত্রী বা বিশেষ পরীক্ষা সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তি ক্লাস নেওয়াকে মন্ত্রণালয় উৎসাহিত করে। তবে এ বিষয়টির সঙ্গে টাকা-পয়সা লেনদেনের সম্পর্ক থাকা উচিত নয়। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষাকে কেন্দ্র করে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ১৫টি বিশেষ ক্লাস রোজায় শুরু হবে। এ জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে কোচিং করতে হবে বলে শ্রেণীকক্ষে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম গত শুক্রবার প্রথম আলোকে জানান, ‘পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেওয়ার জন্য বিশেষ ক্লাস নেওয়া হবে। প্রতিদিন পাঁচটি করে ১৫ দিন বিশেষ ক্লাস করানো হবে। এ জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। প্রতিবছর পরীক্ষার আগে এই বিশেষ কোচিং করানো হয় বলে জানান তিনি। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে। এ জন্য পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৮০০ এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে। কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘প্রাইভেট পড়ার বিকল্প হিসেবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোচিং করানো হচ্ছে। এতে শিক্ষার্থীদের টাকাও কম খরচ হচ্ছে, শিক্ষকেরা তাদের যত্ন নিতে পারছেন।’ গত বৃহস্পতিবার ফ্যাক্স বার্তা পাঠিয়ে কোচিং-বাণিজ্য বন্ধে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে অভিভাবক ঐক্য ফোরাম। ফোরামের সভাপতি জিয়াউল কবীর প্রথম আলোকে বলেন, ‘সন্তানদের ভালো ফল সব অভিভাবকই চান। শিক্ষার্থীরা যেন ভালো ফল করে, সে জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ক্লাস করাতে পারে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ বাড়তি টাকা নেবে কেন?’