কোচিং বন্ধ রাখতে স্বরাষ্ট্রে চিঠি দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা সামনে রেখে নেতিবাচক তৎপরতা শুরু করেছে কোচিং সেন্টারগুলো। কোচিংয়ের নামে ভর্তির নিশ্চয়তা ও পরীক্ষায় শতভাগ কমন পড়ার সাজেশনের নামে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে শুরু করেছে একটি চক্র।এমন অভিযোগ পাওয়ার পর ভর্তি পরীক্ষার দিন অর্থাৎ ২৩ নভেম্বর পর্যন্ত দেশের কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার ব্যবস্থা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৩০ অক্টোবর এই চিঠি পাঠানো হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পৌঁছে গত বৃহস্পতিবার।স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষা সামনে রেখে নানা ধরনের নেতিবাচক কথা শোনা যাচ্ছে। এ জন্য ভর্তি পরীক্ষার সময় পর্যন্ত কোচিং বন্ধ রাখতে এই চিঠি দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর এমবিবিএস এবং বিডিএস কোর্সের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁস, কোচিং সেন্টারগুলোর নেতিবাচক তৎপরতাসহ বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগে সরকার এবার প্রথমে পরীক্ষার বদলে শুধু এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ভিত্তি করে মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত নেয়। এ নিয়ে আন্দোলন শুরু হলে সরকার সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের মতোই পরীক্ষার মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নেয়। অভিযোগ রয়েছে, এই পরীক্ষাকে সামনে রেখে এবারও নেতিবাচক তৎপরতা শুরু করেছে কয়েকটি কোচিং সেন্টার ও কিছু অসাধু ব্যক্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত অভিযোগ অনুযায়ী কুচক্রী মহল, প্রতারক ও দুর্নীতিবাজ ব্যক্তিরা কোচিং, শতভাগ কমন সাজেশন অথবা যেকোনোভাবে ভর্তি করে দেওয়ার আশ্বাস দিয়ে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এ অবস্থায় ভর্তি পরীক্ষার অধিকতর স্বচ্ছতা আনার জন্য কোচিং সেন্টারগুলো ২৩ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখতে বলা হয় চিঠিতে। স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, এখনো চিঠিটি তিনি হাতে পাননি। হাতে পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।