কোচিং-বাণিজ্য ও উত্ত্যক্ত বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তত শুক্রবার দিনটিতে কোচিং বন্ধ করা হোক। এই একদিন বিনোদনের সুযোগ চাই। শিশুদের বিকশিত হতে এবং মানসিকভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। শিশুদের এমন সব দাবি নিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার-বিষয়ক শিশুসংলাপ।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শিশুসংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ জেবুন্নেছা আফরোজ।
‘আমার কথা বলার আগে, আমার কথা শোনো’ এই শিরোনামে অনুষ্ঠিত শিশুসংলাপের আয়োজন করে ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্স, বরিশাল এবং সহযোগিতায় ছিল জেলা শিশু একাডেমি।
উদ্বোধনের পরপর বরিশালে শিশুদের বেড়ে ওঠা এবং বিকাশে সমস্যা-সম্ভাবনা এবং স্বাস্থ্য ও পরিবেশগত দিক নিয়ে শিশু রিফাত খানের নির্মিত একটি তথ্যচিত্র ‘আলোর মশালবাহী শিশুরা আসবে’ প্রদর্শন করা হয়।
সংলাপে শিশুরা কোচিং-বাণিজ্য এবং ইভ টিজিংকে (উত্ত্যক্ত) বিকাশের পথে বড় বাধা বলে জানায়। পড়াশোনার ফাঁকে বিনোদনের ব্যবস্থা না থাকায় যান্ত্রিক জীবনের মধ্য দিয়ে বেড়ে উঠতে হচ্ছে তাদের। আর এর ফলে তাদের আলোকিত মানুষ হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। এই ধারার পরিবর্তন ঘটাতে হবে। কমপক্ষে শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব কোচিং-বাণিজ্য বন্ধ রাখতে প্রশাসনের কাছে জোর দাবি তাদের।
সংলাপে অষ্টম শ্রেণিপড়ুয়া শিক্ষার্থী পিংকি আক্তার বাল্যবিয়ে প্রতিরোধের গল্প শোনায়। পিংকি জানায়, সহপাঠী বন্ধুর বিয়ে বন্ধের মধ্য দিয়ে তার বাল্যবিয়ে প্রতিরোধের শুরু। বন্ধুকে একজন বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। বিষয়টি জেনে সে প্রতিবাদ করে। কিন্তু তার প্রতিবাদে পাত্তা দেয় না পরিবার। বাধ্য হয়ে একজন উন্নয়নকর্মীর সহযোগিতা নেয় সে। একপর্যায়ে মহিলা আইনজীবী সমিতিকে জানিয়ে ১৫ বছর বয়সী ওই বন্ধুকে বিয়ের আসর থেকে উঠিয়ে আনতে সক্ষম হয় পিংকি। এরপর থেকে চলতেই থাকে তার এই বাল্যবিয়েবিরোধী অভিযাত্রা। এ পর্যন্ত নিজের চেষ্টায় ১০টি বাল্যবিয়ে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে বলে পিংকি আক্তার জানায়।
শিক্ষার্থী জুবাইয়রা ইসলাম তার বক্তব্যে বলে, বরিশালের অধিকাংশ বিদ্যালয়ে পাঠাগার নেই। যেসব বিদ্যালয়ের পাঠাগার আছে, সেখানে শিক্ষার্থীদের প্রবেশাধিকারও সীমিত। বই বাড়ি নেওয়ার সুযোগ নেই। এমনকি পাঠাগারে বসে পড়ারও সুযোগ দেওয়া হয় না।
ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্স বরিশালের সাধারণ সম্পাদক রীমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশুসংলাপে মডারেটরের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম। শিশুসংলাপে শিশুরা তাদের বিভিন্ন প্রশ্ন তুলে ধরে।
শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা, উপপুলিশ কমিশনার আবদুর রউফ খান।