কোচিং-বাণিজ্য বন্ধে সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার ভর্তি-বাণিজ্য বন্ধ করেছে। এখন কোচিং-বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। অনেকাংশে সফলও হয়েছে। জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর গতকাল রোববার সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ভুয়া এমপিওভুক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় হাইকোর্টে সাড়ে আট হাজার মামলা বিচারাধীন। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে অনেক অনিয়ম হয়। এমনও শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেখানে একজন ছাত্র আর আটজন শিক্ষক। সে কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হয়েছে। এ কারণে মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। বাজেটে এমপিওভুক্তির জন্য আলাদা বরাদ্দ দাবি করে তিনি বলেন, শিক্ষা খাতে মোট বাজেটের সাড়ে পাঁচ হাজার কোটি টাকাই চলে যায় এমপিওভুক্তদের বেতনে। সে কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও শিক্ষার মান উন্নয়নে টাকা খরচ করার সুযোগ থাকে না।নুরুল ইসলাম নাহিদ বলেন, বিরোধী দলসহ সব মহলের পরামর্শ নিয়ে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরে এসেছে। সব পরীক্ষার ফলাফল ভালো হচ্ছে। ৬০ দিনের মধ্যেই এসএসসি ও এইচএসসির ফলাফল প্রকাশ করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হারও অনেক কমে এসেছে। এখন বিদ্যালয়ে শতকরা ৯৯ দশমিক ৬০ ভাগ শিশু যাচ্ছে। সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ছাত্রছাত্রীরা এখন আর পরীক্ষা দিতে ভয় পায় না। পরীক্ষা মানেই এখন উৎসব। এমন শিক্ষাপদ্ধতি চালু হয়েছে, যাতে নকল করে, নোট বই পড়ে, আর মুখস্থ করে পাস করার সুযোগ নেই।আলোচনায় দিনাজপুর-৪ আসনের সাংসদ আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘আমাদের প্রয়াস থেকে প্রাপ্তির পরিমাণ কম নয়। আমাদের সেবা প্রদান প্রক্রিয়া সহজীকরণ হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দ্বিগুণ হয়েছে। বিশ্ব মহামন্দা সত্ত্বেও অর্থনীতি গতিশীল রয়েছে। দারিদ্র্য বিমোচন হ্রাস করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও সাফল্য এসেছে। টেলিভিশনের টক শোর সমালোচনা করে তিনি বলেন, কৃষি, শিল্প, শিক্ষাসহ সামগ্রিক বিচারে বাংলাদেশ এত ভালো আর কখনো ছিল না। অথচ সুশীলরা বলেন, বাজেট ঘাটতি এবং বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। তাঁদের কথায় যুক্তির অভাব আছে।বিরোধীদলীয় নেতার বাজেট ভাবনার সমালোচনা করে মাহমুদ আলী বলেন, গণতন্ত্র নয়, বিরোধীদলীয় নেতা আল্টিমেটামতন্ত্রে বিশ্বাস করেন। খালেদা জিয়া বাজেটের পর সংসদে এসে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতে পারতেন। কিন্তু তিনি তা না করে হোটেলে বাজেট ভাবনা দিলেন। এই বাজেট বিএনপির মতো সাহায্যনির্ভর নয়।পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে নাকি আরও দল বাড়বে। ভয় হয়, কবে না জানি জোট ভেঙে পড়ে। কেননা, কলাগাছ বড় হলে ভেঙে পড়ার আশঙ্কা আছে।’ জোটের দলগুলোকে রাজনৈতিক ক্লাব উল্লেখ করে তিনি বলেন, বিএনপিও একটি রাজনৈতিক ক্লাব।মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ বি এম আনোয়ারুল হক প্রস্তাবিত বাজেটে মুঠোফোনের কলরেটের ওপর যে কর ধার্য করা হয়েছে, তা কমানোর আহ্বান জানান। তিনি রপ্তানি খাতে ১ দশমিক ২ শতাংশ উৎসে কর কমানোরও অনুরোধ জানান।এ টি এম ফজলে রাব্বি মিয়া বলেন, বিরোধী দলের উচিত নির্দলীয় সরকার নিয়ে কোনো প্রস্তাব থাকলে সংসদে এসে দেওয়া। তা গ্রহণযোগ্য হলে বিবেচনা করা হবে।