কোচিং শিক্ষক পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্র সজল চন্দ্র মজুমদার হত্যার ঘটনায় গ্রেপ্তার কোচিং শিক্ষক সবুজ সূত্রধরকে আজ শুক্রবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

কাফরুল থানার পুলিশ জানায়, সবুজকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বৃহস্পতিবার সবুজকে গ্রেপ্তার করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে সবুজ বলেছেন, মুক্তিপণ না দেওয়ায় সজলকে ঘুমের বড়ি মেশানো জুস খাইয়ে অচেতন করে বালিশ চাপা দিয়ে একাই খুন করেন তিনি। তবে এ খুনের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, ঘুমের বড়ি, জুস (ফলের রস) ও চটের বস্তা কোথা থেকে আনা হয়েছে, তা নিশ্চিত হতে তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া সজলের মা-বাবার সন্দেহ, হত্যাকাণ্ডে কোচিং শিক্ষকের প্রতিবেশী গৃহবধূ, তাঁর স্বামী, চাচি শাশুড়ি ও দেবর জড়িত আছে। বিষয়টি নিশ্চিত হতেও তদন্ত চলছে।
ইব্রাহিমপুর থেকে স্বজনেরা সজলের মরদেহ সত্কারের জন্য ভোলার লালমোহনে নিয়ে যান। সজলকে হারিয়ে তার বাবা ও মা শোকে অসুস্থ হয়ে পড়েছেন। সজলের মা শিশুবালা অস্পষ্ট কণ্ঠে প্রথম আলো ডটকমকে বলেন, ‘জানি ছেলেকে আর ফিরে পাব না, তবুও হত্যাকারীদের ফাঁসি হলে মনে কিছুটা হলেও স্বস্তি খুঁজে পাব।’
গত ২৯ আগস্ট রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকার একটি গলি থেকে পুলিশ স্কুলছাত্র সজল চন্দ্র মজুমদারের (১৪) বস্তাবন্দী লাশ উদ্ধার করে। লাশটি বেওয়ারিশ হিসেবে সাতদিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়েছিল। গত ২৮ আগস্ট নিখোঁজ হওয়ার পর সজলের বাবার কাছে মুক্তিপণ চেয়ে করা ফোনের সূত্র ধরে কোচিং শিক্ষক সবুজের সম্পৃক্ততা পায় পুলিশ। সবুজের প্রতিবেশী এক গৃহবধূকে আটক করে পুলিশ তাঁকে দিয়ে কৌশলে গত বৃহস্পতিবার কাফরুল এলাকায় ডেকে এনে সবুজকে গ্রেপ্তার করে। এরপর সজলকে খুন করার কথা স্বীকার করেন কোচিং শিক্ষক সবুজ। তাঁর তথ্যের ভিত্তিতে ওই দিন স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে থাকা সজলের লাশ শনাক্ত করেন। সজল উত্তর কাফরুল উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত।