কোচিং শিক্ষক সবুজ রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্র সজল চন্দ্র মজুমদারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া কোচিং শিক্ষক সবুজ সূত্রধরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

কাফরুল থানার পুলিশ জানায়, গতকাল শুক্রবার সবুজকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর উত্তর কাফরুল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সজল (১৪) গত ২৮ আগস্ট নিখোঁজ হয়। পরদিন ২৯ আগস্ট পুলিশ ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকার একটি গলি থেকে  বস্তাবন্দী একটি লাশ উদ্ধার করে। লাশটি বেওয়ারিশ হিসেবে সাত দিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়েছিল।

নিখোঁজ হওয়ার পর সজলের বাবার কাছে মুক্তিপণ চেয়ে করা ফোনের সূত্র ধরে তার কোচিং শিক্ষক সবুজের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে পুলিশ সবুজের প্রতিবেশী এক গৃহবধূকে আটক করে তাঁকে দিয়ে গত বৃহস্পতিবার সবুজকে কাফরুল এলাকায় ডেকে এনে গ্রেপ্তার করে। এরপর সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে থাকা সজলের লাশ শনাক্ত করেন স্বজনেরা।

মামলার তদন্ত-তদারক কর্মকর্তা কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, জিজ্ঞাসাবাদে সবুজ পুলিশকে বলেছেন, মুক্তিপণ না দেওয়ায় ছাত্র সজলকে ঘুমের বড়ি মেশানো জুস (ফলের রস) খাইয়ে অচেতন করে বালিশচাপা দিয়ে খুন করেন তিনি।

ওসি জানান, এ খুনের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, ঘুমের বড়ি, জুস ও চটের বস্তা কোথা থেকে আনা হয়েছে, তা নিশ্চিত হতে সবুজকে রিমান্ডে নেওয়া হয়েছে। সজলের মা-বাবার সন্দেহ, হত্যাকাণ্ডে কোচিং শিক্ষকের প্রতিবেশী এক গৃহবধূসহ আরও কয়েকজন জড়িত আছে।

গতকাল স্বজনেরা সজলের মরদেহ সত্কারের জন্য ভোলার লালমোহনে গ্রামের বাড়িতে নিয়ে যান।