কোচিং সেন্টার ও প্রাইভেটে ঝুঁকছেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানোর দিকে ঝুঁকে পড়ছেন। বাড়তি আয়ের জন্য এদিকে মনোযোগী হওয়ায় বিদ্যালয়ে শিক্ষকদের মনোযোগ কমে যাচ্ছে। অনেক শিক্ষক তাঁদের পরিচালিত কোচিং সেন্টারে শিক্ষার্থীদের ভর্তি হতে বাধ্য করেন বলে অভিযোগও রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা সদরের এক অভিভাবক প্রথম আলোকে জানান, তাঁর ছেলে আক্কেলপুর এফইউ পাইলট উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ছে। ওই শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। তিনি তাঁর সন্তানকে কোচিং সেন্টারে দেননি। এ কারণে ক্লাসে তাঁর সন্তানকে শিক্ষক অহেতুক বকাবকি করতেন। কিছুদিন পর ওই শিক্ষক জানালেন, তাঁর ছেলে পড়াশোনায় ভালো নয়। এ জন্য তাঁর কোচিং সেন্টারে ভর্তির পরামর্শ দেন। কথামতো তাঁর কোচিং সেন্টারে সন্তানকে ভর্তি করিয়েছেন তিনি। এরপর তাঁর সন্তান রাতারাতি ভালো হয়ে গেছে। শিক্ষক এখন ক্লাসে বকাঝকা করেন না।উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষকেরা বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে বাসা ভাড়া নিয়ে কোচিং সেন্টার ও প্রাইভেট পড়াচ্ছেন। কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানোর প্রচার চালাতে সড়কের মোড়ে মোড়ে বড় ব্যানার টাঙানো হয়েছে। কেউ কেউ কেব্ল নেটওয়ার্কের মাধ্যমে টিভিতে বিজ্ঞাপন প্রচার করছেন। এসব বিজ্ঞাপনে জিপিএ-৫ পাওয়ার শতভাগ নিশ্চয়তাও রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইংরেজি, গণিত, জীববিজ্ঞান, রসায়ন বিষয়ের শিক্ষকেরা কোচিং সেন্টার ও প্রাইভেট ব্যবসায় জড়িত। তাঁরা নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাময়িক ও বার্ষিক পরীক্ষায় ভালো ফলের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কোচিং সেন্টারে টানছেন। শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষকের খোলা কোচিং সেন্টারে ভর্তি না হলে ক্লাসে অহেতুক বকাঝকা, সাময়িক ও বার্ষিক পরীক্ষায় কম নম্বর দেওয়া হচ্ছে।শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনিচ্ছা সত্ত্বেও তাদের বিদ্যালয়ের শিক্ষকদের খোলা কোচিং সেন্টারে ভর্তি হতে হচ্ছে। এ কারণে প্রতি মাসে অভিভাবকের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। অথচ শিক্ষার্থীরা এসব কোচিং সেন্টারে ভালো কিছু পাচ্ছে না। উল্টো শিক্ষকেরাই কোমলমতি শিক্ষার্থীদের নকলে উদ্বুদ্ধ করছেন। তিলকপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলে, ‘ক্লাসে যতই ভালো পড়াশোনা করি, তাতে কোনো লাভ নেই। কারণ, বিদ্যালয়ের শিক্ষকের কাছে প্রাইভেট ও কোচিং সেন্টারে না পড়লে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে না। তাই পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার আশায় বিদ্যালয়ের শিক্ষকের কাছে পড়ছি।’অভিভাবক মহাতাব উদ্দিন বলেন, বিদ্যালয়ের একজন শিক্ষক কোচিং সেন্টার খুলে বসেছেন। শিক্ষকের চাপে বাধ্য হয়ে ছেলেকে সেখানে দিয়েছিলেন। বার্ষিক পরীক্ষায় ওই শিক্ষক তাঁর বিষয়ের আগাম প্রশ্ন জানিয়ে দিয়েছিলেন। বিষয়টি জানার পর ছেলেকে আর কোচিং সেন্টারে যেতে দেননি। আক্কেলপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক মোকসেদ আলী বলেন, শিক্ষকদের এখন আর আন্তরিকতা নেই। শিক্ষকেরা ক্লাসে লেকচার দিয়ে তাঁদের দায়িত্ব শেষ করেন। অধিকাংশ প্রতিষ্ঠানের শিক্ষক প্রাইভেট বা কোচিং সেন্টারের সঙ্গে জড়িত। জানতে চাইলে আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ বলেন, মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত অধিকাংশ শিক্ষক কোচিং ও প্রাইভেট টিউশনিতে জড়িত, এটি সত্য। কোচিং ও প্রাইভেট টিউশনি বন্ধে সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া ছাত্র বা অভিভাবকদের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।