কোচিং সেন্টার খোলা রাখায় শিক্ষক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক শিক্ষককে এক সপ্তাহের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত সাড়ে নয়টার দিকে ওই শিক্ষককে এ সাজা দেওয়া হয়।

সাজা পাওয়া শিক্ষকের নাম মো. রেজাউল করিম। তিনি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর শামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অনুপ দাশ এই সাজা দিয়েছেন। রোববার রাত নয়টার দিকে মাদ্রাসা থেকে তাঁকে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অনুপ দাশ বলেন, আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। সেই নির্দেশনার আলোকে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনাটি ২২ অক্টোবর কলাপাড়া মাইকিং করে সবাইকে জানানো হয়েছে। ওই শিক্ষক এ নির্দেশনা অমান্য করে মাদ্রাসার ভেতরে কোচিং সেন্টার পরিচালনা করছিলেন। এ জন্য তাঁকে পুলিশের সহায়তায় আটক করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়া হয়।