কোচিং সেন্টার থেকে ডেন্টালছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি কোচিং সেন্টার থেকে গতকাল সোমবার বিকেলে জাফিয়া ইসলাম ওরফে আইরিন (১৯) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মালিবাগের সাফেনা মহিলা ডেন্টাল কলেজে প্রথম বর্ষে পড়তেন।
পুলিশ জানায়, জাফিয়ার বাবা সাইফুল ইসলাম ঢাকার একটি চক্ষু হাসপাতালের চিকিৎসক। তিনি বাবা-মায়ের সঙ্গে শান্তিবাগে থাকতেন। গত শনিবার বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হক জানান, সিদ্ধেশ্বরীর একটি পাঁচতলা ভবনের নিচতলায় ইসিসিপি কোচিং সেন্টার। বিকেল পাঁচটার পর সেখানে কোনো কার্যক্রম থাকে না।
গতকাল বিকেল পাঁচটার পর কোচিং সেন্টারের এক ছাত্রী একটি শ্রেণীকক্ষে জাফিয়ার ঝুলন্ত লাশ দেখে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় লাশ ঝুলছিল। ওই কক্ষে শিক্ষার্থীদের চেয়ারগুলো নির্দিষ্ট স্থানে এবং একটি টেবিলের ওপর প্লাস্টিকের টুল ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খবর পেয়ে জাফিয়ার বাবাসহ স্বজনেরা ওই কোচিং সেন্টারে যান। জাফিয়ার বাবা পুলিশকে জানান, তাঁর মেয়ে এসএসসি ও এইচএসসিতে খুব ভালো ফল করলেও সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে না পেরে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন। তাঁকে বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি করানো হয়। কয়েক দিন আগে জাফিয়া জানান, সেখানে তাঁর ভালো লাগছে না, সেখানে পড়তে চান না। এরপর শনিবার বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি। তাঁর খোঁজ না পেয়ে রোববার রমনা থানায় জিডি করা হয়।
যোগাযোগ করা হলে সাফেনা ডেন্টাল কলেজ থেকে জানানো হয়, জাফিয়া বৃহস্পতিবার সর্বশেষ কলেজে এসেছিলেন। শনিবার তাঁর খোঁজে তাঁর বাবা কলেজে এসেছিলেন।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া বলেন, ওই কোচিং সেন্টারের সঙ্গে জাফিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। তাই তিনি কীভাবে সেখানে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।